Dhaka Mail Logo

আইন-আদালত

বিভাগীয় পর্যায়ে আইনজীবীদের জন্য ‘নৈতিকতা’ বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

সারাদেশের আইনজীবীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে পর্যায়ক্রমে দেশের সব বিভাগে ‘নৈতিকতা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেইসঙ্গে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস জাঁকজমকপূর্ণভাবে পালনের বিষয়েও ঐকমত্য হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে জাতিসংঘ এবং ইউএনডিপি (UNDP) প্রতিনিধিদলের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতরের  বাংলাদেশ অফিস প্রধান শাহ মোহাম্মদ নাহীয়ান এবং ইউএনডিপি’র রুল অফ ল’ জাস্টিস অ্যান্ড সিকিউরিটি বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়াইগার উপস্থিত ছিলেন। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।

বৈঠক সূত্রে জানা যায়, সারাদেশের আইনজীবীদের প্রশিক্ষণের সুযোগ দিতে বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে এই আয়োজনের বিষয়ে প্রতিনিধিরা একমত হয়েছেন। প্রাথমিক পর্যায়ে ২০২৬ সালের মধ্যেই চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পরবর্তীতে দেশের অন্যান্য বিভাগেও এই কার্যক্রম সম্প্রসারিত হবে।

প্রতিটি বিভাগের অধীনস্থ জেলা বার ও চৌকি বারের আইনজীবীরা প্রতিনিধিত্বের ভিত্তিতে এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা জানান, এই প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আইনজীবী ও আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা।

এর আগে, গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকায় প্রথমবারের মতো অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ে কর্মরত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি-জেনারেলদের জন্য দুই দিনব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ ও ইউএনডিপি-এর সহযোগিতায় ‘Strengthening the Principles and Practices of Prosecutorial Ethics for the Attorney General’s Office of Bangladesh’ শীর্ষক ওই সফল আয়োজনের ধারাবাহিকতায় রোববারের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, ইউএনডিপি, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ের পারস্পরিক সহযোগিতায় আগামী ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে।

আরএনবি/এফএ