নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে জুলাই হত্যার একটি ঘটনায় তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিদের বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের তথ্য জানায় রাষ্ট্রপক্ষ। এর আগে গত ১৭ সেপ্টেম্বর অভিযোগটি দাখিল করা হয়।
মামলার আনুষ্ঠানিক অভিযোগে আসামি করা তিনজন হলেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের ছেলে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ, জাতীয় সংসদ সচিবালয়ের চুক্তিভিত্তিক কর্মচারী শাহাবুল আলম এবং গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মুহাম্মদ জোসেফ উদ্দিন।
রাষ্ট্রপক্ষের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুরে আন্দোলন দমনের সময় তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা পুলিশ কর্মকর্তাদের নিয়ে তিন আন্দোলনকারীকে গুলি করে হত্যার নির্দেশ দেন। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) খুব কাছ থেকে এক আন্দোলনকারীর মাথা ও বুকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেন।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, গৌরীপুরের ওই হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন উপজেলা চেয়ারম্যান সোমনাথ সাহা ও আওয়ামী লীগের নেতাসহ মোট নয়জনের বিরুদ্ধে এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছিল।
ওই অভিযোগ আমলে নিয়ে গত ১ ফেব্রুয়ারি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরএনবি/এএম