নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার কর পরিশোধ করতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি ফারহা মাহবুবের চেম্বার আদালতের কার্যতালিকায় আবেদনটি ২৫ নম্বরে রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চেম্বার আদালতে এ বিষয়ে শুনানি চলছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি আয়করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের দায়ের করা দুটি রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছিলেন, হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ায় সরকারের রাজস্ব বাবদ দাবি করা বিপুল অঙ্কের ওই অর্থ প্রতিষ্ঠানটিকে পরিশোধ করতে হবে।
তবে গ্রামীণ কল্যাণের আইনজীবীরা সেদিন জানিয়েছিলেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করবেন। সেই ধারাবাহিকতাতেই হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করল প্রতিষ্ঠানটি।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট দুটির পরিপ্রেক্ষিতে আগে জারি করা রুল খারিজ (রুল ডিসচার্জ) করে ওই রায় ঘোষণা করেছিলেন।
আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সরদার জিন্নাত আলী, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুস সামাদ আজাদ।
আরএনবি/এফএ