Dhaka Mail Logo

আইন-আদালত

রুবেল হত্যা: হাইকোর্টে জামিন পেলেন আ.লীগ নেতা বিএম মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

জুলাই আন্দোলনের সময় রাজধানীর আদাবরে পোশাককর্মী রুবেল হত্যা মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার বিচারপতি কে এম ইমরুল কায়েশের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে বি এম মোজাম্মেলের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. লিটন মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল জসীম উদ্দীন।

জামিন আদেশের বিষয়টি নিশ্চিত করে সহকারী অ্যাটর্নি জেনারেল জসীম উদ্দীন বলেন, ‘মামলার এজাহারে তিনি ৭৪ নম্বর আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, সাধারণ (কমন) অভিযোগ আনা হয়েছে। আদালত এর আগে রুল দিয়েছিল, আজ সেটি অ্যাবসলিউট (যথাযথ) করে জামিন দিয়েছেন।’

তবে এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে যাবে জানিয়ে এই আইন কর্মকর্তা বলেন, ‘আমরা এরই মধ্যে আপিল বিভাগে নোট দিয়েছি।’

এর আগে, রাজধানীর নিকেতন এলাকা থেকে বি এম মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের অক্টোবরে আদাবরের রুবেল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলে অংশ নেন পোশাককর্মী রুবেলসহ কয়েকশ মানুষ। সেসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ ও মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আদাবর থানায় হত্যা মামলাটি দায়ের করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

আরএনবি/এএম