Dhaka Mail Logo

আইন-আদালত

আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আরও এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পদত্যাগকারী এই আইন কর্মকর্তার নাম সাদিয়া আফরিন শাপলা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগকারীরা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, আকতার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এর আগে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

এদিকে গত ৩০ জুলাই সলিসিটর অনুবিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬৫ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)। ওই নিয়োগের মাধ্যমে আগের সব ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করা হয়।

অন্যদিকে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বেশ কিছুদিন ধরে বিএনপিপন্থী আইনজীবীরা আন্দোলন করে আসছেন। এ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভের পাশাপাশি হামলার অভিযোগের ঘটনাও ঘটেছে।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলমান এ পরিস্থিতির প্রেক্ষাপটে চার আইন কর্মকর্তার পদত্যাগের বিষয়টিও দেখার সুযোগ রয়েছে। তবে পদত্যাগকারীদের পক্ষ থেকে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো কারণের কথা জানানো হয়নি।

আরএনবি/এমআই