মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক অ্যাসোসিয়েশনের করা আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রুট পারমিট ও অনুমোদন ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না। স্লিপার বাসের ক্ষেত্রে বিআরটিএর অনুমোদন না থাকায় মহাসড়কে এসব বাস চলাচলের সুযোগ নেই।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. রাফিউল ইসলাম।
আদেশের পর বিআরটিএর আইনজীবী রাফিউল ইসলাম বলেন, ‘স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে তাদের বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। আমরা আদালতে জানিয়েছি, বিআরটিএর টেকনিক্যাল স্পেসিফিকেশন ও অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো আইনসিদ্ধ নয়।’
আইনি ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪০ ধারায় টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা বলা হয়েছে। এটি লঙ্ঘন করলে ৮৪ ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ৩ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা। এছাড়া আইনের ২৮ ধারা অনুযায়ী রুট পারমিট ছাড়া কোনো গাড়ি চালানোর সুযোগ নেই।’
রাফিউল ইসলাম আরও বলেন, ‘যেহেতু স্লিপার বাস চলাচলের কোনো অনুমতি বিআরটিএ দেয়নি, তাই এসব বাস মহাসড়কে চলতে পারবে না। হাইকোর্টও বাস মালিকদের আবেদনে সাড়া দেননি।’
এর আগে মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে চলতি বছরের ২৩ জানুয়ারি রিট করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রিট আবেদনে সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।
আরএনবি/এমআর




