Dhaka Mail Logo

আইন-আদালত

আদালতে শাহজাহান ওমরকে দেখে ‘মীর জাফর’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির দীর্ঘ রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের নৌকায় ওঠা মুহাম্মদ শাহজাহান ওমরের কথা মনে আছে? সাবেক সেই সংসদ সদস্যকে দেখে আদালতে দেওয়া হলো ‘মীর জাফর’ ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান।  

সোমবার (৩১ আগস্ট) বনানীর সোহাগ নামে এক কিশোরকে হত্যাচেষ্টা মামলায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির করা হয় শাহজাহান ওমরকে। মামলাটিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেফতার শাহজাহান ওমর 

এছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মিরপুরে মো. মুক্তার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় শাহজাহান ওমরের বিরুদ্ধে একই আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য দিয়েছেন।

এদিন শুনানির জন্য প্রথমে শাহজাহান ওমরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নেওয়া হয়। তখনই আদালতের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিএনপির সাবেক এই এমপিকে দেখে ‘মীর জাফর’ বলে সম্বোধন করেন। ‘ভুয়া, ভুয়া’ দুয়োও দেন কেউ কেউ।

আরও পড়ুন: আমি জয় বাংলার লোক, শপথের পর শাহজাহান ওমর

আদালতে হাজিরা দিতে আসা শেরেবাংলা নগর থানা ছাত্রদল নেতা মহসিন শেখ বলেন, ‘তার (শাহজাহান ওমর) জনপ্রিয়তা ছিল বিএনপির জন্য। সুযোগ বুঝে বিএনপি থেকে সরে গেছে। যুগে যুগে মীর জাফরদের অবস্থা এমনই হয়। তার কি এখন কাঠগড়ায় থাকার কথা ছিল। তার থাকার কথা ছিল সংসদে। মীর জাফরির কারণে আজ কারাগারে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ছেড়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন শাহজাহান ওমর। পাসও করেন। 

তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২১ নভেম্বর ঝালকাঠির রাজাপুর থেকে গ্রেফতার করা হয় শাহজাহান ওমরকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এএইচ