নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আরও এক দফা পিছিয়ে ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করেছে আদালত।
এ নিয়ে আলোচিত এই মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২৯ বারের মতো পেছাল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত নতুন এই তারিখ ধার্য করেন।
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাসেল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানার উপ-পরিদর্শক (এসআই) মামলাটি তদন্ত করলেও চার দিন পর তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবি দুই মাসের বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্তভার র্যাবের কাছে দেওয়া হয়।
দীর্ঘ সময় র্যাবের কাছে তদন্তভার থাকার পর গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়ে পিবিআই প্রধানের নেতৃত্বে ৪ সদস্যের একটি টাস্কফোর্স কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে এই টাস্কফোর্সই মামলাটি তদন্ত করছে।
আলোচিত এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজন আসামি রয়েছেন। অন্য আসামিরা হলেন— বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও এখন পর্যন্ত কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
আরএনবি/এএম