বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

সাগর–রুনি হত্যা: তদন্ত নিয়ে মেঘকে আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

সাগর–রুনি হত্যা: তদন্ত নিয়ে মেঘকে আশ্বস্ত করলেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল ও সাগর-রুনির সন্তান মেঘ। সংগৃহীত ছবি

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত এখনো চলমান বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, দীর্ঘ সময় পার হওয়ায় তদন্তে নানা বাস্তব জটিলতা তৈরি হয়েছে। ঘটনার পরপর যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঘটনাস্থলে গিয়েছিলেন, তাঁদের অনেককে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

বুধবার (৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিক দম্পতির সন্তান মেঘ ও মামলার বাদী রুনির ভাই নওশের রোমানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় মেঘ তাঁর বাবা–মায়ের হত্যার বিচার দাবি করেন। তাঁর উদ্বেগ ও হতাশার বিষয়টি তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে বলে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল।


বিজ্ঞাপন


তিনি বলেন, ১৫ বছর আগের একটি ঘটনার তদন্ত করতে হলে প্রয়োজনীয় নথি, আলামত ও ঘটনার ধারাবাহিকতা থাকা জরুরি। কিন্তু দীর্ঘ বিলম্বের কারণে অনেক তথ্য–উপাত্ত সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে। তবু তদন্তকারীরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নতুন করে তথ্য–উপাত্ত সংগ্রহে কাজ করছেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাগর–রুনি পরিবারের বিচারপ্রার্থনার আকুতির সঙ্গে তিনি সহানুভূতিশীল। রাষ্ট্রের যেকোনো অপরাধের বিচার নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন। তবে মামলার ভবিষ্যৎ বা তদন্ত শেষ পর্যন্ত কতটা সফল হবে, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

এদিকে তদন্তে অগ্রগতি নিয়ে হতাশা থাকলেও আলো–আঁধারের মধ্যেই কিছু আশার সম্ভাবনা দেখছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, অতীত তদন্তের সময় নেওয়া কিছু জবানবন্দি ও নথি সংরক্ষিত আছে। পাশাপাশি কয়েকটি ডিএনএ রিপোর্টও পর্যালোচনা করা হয়েছে, যার একটি যুক্তরাষ্ট্রের একটি ইনস্টিটিউশন থেকে সম্পন্ন। তাঁর মতে, এসব তথ্য–উপাত্ত প্রক্রিয়াগতভাবে প্রকাশ করা গেলে বা আদালতের মাধ্যমে পরিবারের কাছে পৌঁছালে কিছুটা হলেও স্বচ্ছতা আসবে।


বিজ্ঞাপন


২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। ১৪ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের মোটিভ বা প্রকৃত অপরাধীদের এখনো শনাক্ত করতে পারেনি তদন্ত সংস্থাগুলো।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর