Dhaka Mail Logo

আইন-আদালত

জুলাই হত্যাকাণ্ড: আমু-রাজ্জাক-দীপু মনিসহ ১০ আসামি ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

আদালতে হাজির করা ১০ জন হলেন- সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

প্রসিকিউশন সূত্র জানায়, এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে থাকা এই ১০ আসামিকে হাজির করা হয়।

সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য আদালত চত্বর ও এর আশপাশে অবস্থান নেন।

তদন্ত সংস্থা জানায়, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি, হত্যা, নির্যাতন এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এসব আসামির বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

এর আগে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত অপরাধের বিচার প্রক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় গ্রেফতার হওয়া আসামিদের ধাপে ধাপে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে।

এরইমধ্যে আগেই দীপু মনি ও আব্দুর রাজ্জাককে শাপলা চত্বরে গণহত্যার মামলায় আসামি করা হয়েছে।

গত ৫ আগস্ট জুলাই আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এসব মন্ত্রী-এমপি ও প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। আজ তাদের মানবতাবিরোধী অপরাধের মূল মামলায় ট্রাইব্যুনালে দাখিল করা হলো।

আরএনবি/এমআই