Dhaka Mail Logo

আইন-আদালত

সংবাদ সম্মেলনে ‘উসকানি’: শ্যামল দত্তসহ ৩ সাংবাদিক ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সাংবাদিক শ্যামল দত্তসহ  তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

হাজির করা তিন সাংবাদিক হলেন— একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, একই প্রতিষ্ঠানের সাবেক বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক ফারজানা রুপা এবং ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানে এই সাংবাদিকরা পেশাদার প্রশ্নের পরিবর্তে উসকানিমূলক বক্তব্য ও প্রশংসা করেছিলেন।

তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে প্রশ্ন করাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু সেদিন নির্দিষ্ট কিছু সাংবাদিক তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়ে নির্দিষ্ট কিছু কথা বলানোর জন্য উসকানিমূলক প্রস্তাব দিয়েছিলেন। তাদের সেই প্ররোচনার প্রেক্ষিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে অভিহিত করেছিলেন, যা পরবর্তী সময়ে বড় ধরনের অপরাধ সংঘটনে ভূমিকা রেখেছে।

প্রসিকিউশন জানায়, এটি কোনো পুরোনো মামলার অংশ নয়, বরং নতুন করে করা একটি ‘মিস কেস’ বা বিবিধ মামলা। গত ১৪ জুলাইয়ের ওই সংবাদ সম্মেলনে উসকানিমূলক প্ররোচনার দায়ে এই অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এর আগে গত ১৭ আগস্ট এই তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) চেয়েছিল রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের নির্দেশে আজ তাদের হাজির করা হয়। প্রসিকিউশন পক্ষ আজ তাদের এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করবে।

আরএনবি/এফএ