নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ উদ্যোগের আওতায় মাত্র ১৩ কার্যদিবসে ৬০ হাজার ৪৪৮টি পুরোনো ক্রিমিনাল মিস (ফৌজদারি বিবিধ) মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এরমধ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) ১৩টি বেঞ্চে এক দিনেই ৪ হাজার ৭১৮টি মামলা নিষ্পত্তি হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার জট কমাতে প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল ও রিট মোশন বেঞ্চগুলোতে গত ৭ মে থেকে পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম শুরু হয়।
এরপর থেকে এ পর্যন্ত পুরোনো ক্রিমিনাল এবং রিট মামলা মিলিয়ে সর্বমোট ৬৭ হাজার ৩৫৫টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চগুলো প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো মামলা নিষ্পত্তিতে অগ্রাধিকার দিচ্ছে।
মামলা জট হ্রাসের লক্ষ্যে পুরোনো মামলা নিষ্পত্তির এই বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরএনবি/এফএ