Dhaka Mail Logo

আইন-আদালত

জেলা আইনজীবী সমিতিতে প্রবেশ ফি অভিন্ন করতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

দেশের জেলা আইনজীবী সমিতিগুলোতে নতুন সদস্যদের প্রবেশ ফি একটি যুক্তিসঙ্গত ও অভিন্ন হারে নির্ধারণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আইন সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ও অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিবলী নোমানী। কুড়িগ্রামের বাসিন্দা ও নবীন আইনজীবী মো. মাহফুজুর রহমান সম্প্রতি এই রিট আবেদনটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, মাহফুজুর রহমান কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেন। তবে সমিতি থেকে জানানো হয়, নতুন সদস্যদের বয়স ৪০ বছরের নিচে হলে ২ লাখ ৫০ হাজার টাকা এবং ৪০ বছরের বেশি হলে ৩ লাখ ৫০ হাজার টাকা ফি দিতে হবে।

এছাড়া কোনো ব্যক্তি অন্য চাকরি থেকে অবসর বা আর্থিক সুবিধা নিয়ে সদস্য হতে চাইলে তাকে ৪ লাখ টাকা এবং সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ৫ লাখ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এই ফি নির্ধারণকে বৈষম্যমূলক দাবি করে এর বৈধতা চ্যালেঞ্জ করেন মাহফুজুর রহমান। আবেদনে দেশের সব জেলা আইনজীবী সমিতির জন্য একটি অভিন্ন ও যৌক্তিক প্রবেশ ফি নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়।

সংশ্লিষ্টদের তথ্যমতে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সদস্য হতে বর্তমানে ২০ থেকে ২২ হাজার টাকা এবং ঢাকা আইনজীবী সমিতিতে প্রায় ২৯ হাজার টাকা ফি দিতে হয়। অথচ ঢাকার বাইরে বিভিন্ন জেলা সমিতিতে এর কয়েকগুণ বেশি ফি আদায় করা হচ্ছে।

শুনানি শেষে আদালত এই ফি নির্ধারণের বিষয়ে রুল জারির আদেশ দেন।

আরএনবি/এমআই