নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকার তথ্য গোপন করে পুনরায় নিষেধাজ্ঞা নেওয়ার ঘটনায় খাগড়াছড়ি জেলা ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আদালতের সঙ্গে প্রতারণা করার দায়ে এই দণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগে জারি করা রুলটি খারিজ (ডিসচার্জ) করে আদেশের অনুলিপি সকল বিবাদীকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে জনস্বার্থে করা আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে ইটভাটা মালিক সমিতির পক্ষে ছিলেন আইনজীবী পারভেজ হোসেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, খাগড়াছড়ি জেলার ১৯টি ইটভাটার মালিকদের পক্ষে মালিক সমিতি একটি রিট আবেদন করলে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে সরকারের ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেন। এই আদেশের বিরুদ্ধে জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব আপিল করলে গত ৫ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ দেন।
কিন্তু আপিল বিভাগের সেই স্থগিতাদেশের তথ্য গোপন করে গত ৬ জুলাই হাইকোর্টে পুনরায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করে ইটভাটা মালিক সমিতি। হাইকোর্ট বিষয়টি না জেনে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দেন।
তিন পার্বত্য জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে কাজ করা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি আদালতের নজরে আনলে আজ শুনানির দিন ধার্য করা হয়েছিল।
শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘পিটিশনার পক্ষ আদালতে আপিল বিভাগের আদেশ গোপন করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন, যা স্পষ্টত আদালতের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের কর্মকাণ্ড বিচার ব্যবস্থার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই রিট পিটিশনারদের যথাযথ শাস্তি হওয়া প্রয়োজন।’
শুনানির এক পর্যায়ে রিট পিটিশনারদের আইনজীবী পারভেজ হোসেন বলেন, ‘আমি তথ্য গোপনের বিষয়টি সম্পর্কে অবহিত ছিলাম না। এখন আমি এই মামলাটি আর চালাতে চাচ্ছি না।’
শুনানি শেষে আদালত খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি রুলটি খারিজ করে দেন।
আদেশের পর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আদালতের কাছে সত্য গোপন করে কোনো সুযোগ নেওয়ার অবকাশ নেই। মালিক সমিতি আপিল বিভাগের স্থগিতাদেশ লুকিয়ে হাইকোর্ট থেকে পুনরায় যে আদেশ নিয়েছিল, তা অবৈধ। আদালত আজ জরিমানার মাধ্যমে তাদের এই অসাধু চর্চাকে তিরস্কার করেছেন।’
আরএনবি/এমআই