নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৬, ০৬:১২ পিএম
হামের টিকা নিয়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের ওপর শুনানি ১৯ মে (মঙ্গলবার) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৮ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।
এই রিটে ড. ইউনূস ও সাবেক সকল উপদেষ্টাসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন দায়ের করেন।
এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল এই বিষয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেদিন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, সারাদেশে বিলুপ্তপ্রায় রোগ হাম আবারো মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য শিশু ও সাধারণ মানুষ হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামের টিকা ব্যবস্থাপনাকে রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে দেওয়ার অভিযোগ তুলে তিনি তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।
উক্ত নোটিশে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ তৎকালীন উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সাবেক ব্যক্তিগত সহকারীদের নাম উল্লেখ করা হয়।
এফএ