নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অবৈধভাবে এক কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদসহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঢাকা বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজ গত ১৯ এপ্রিল এ পরোয়ানা জারি করেন। মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল মঙ্গলবার (৫ মে)। তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে আদালতের কাছে আবেদন করেছেন তার আইনজীবী খায়ের উদ্দিন শিকদার।
তোফায়েল আহমেদের আইনজীবী বলেন, তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না। তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। এজন্য তার মানসিক অবস্থা পরীক্ষার আবেদন করার প্রার্থনা করেন এবং পাশাপাশি অভিযোগ গঠন শুনানি পেছাতেও আবেদন করেন আইনজীবী।
তবে আদালত তোফায়েল আহমেদের আবেদন নামঞ্জুর করে আগামী বৃহস্পতিবার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন।
এই মামলার অন্য দুই আসামি হলেন- মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। তিন আসামির মধ্যে মোশারফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দেন।
অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত এক কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।
মামলায় বলা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট এক কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করা হয়।
মামলাটি তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জানিয়েছেন, উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
ক.ম/