নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পিএম
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাজিমাত করেছেন বিএনপিপন্থীরা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াতপন্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও খাতাই খুলতে পারেননি তারা। ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদেই বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। একটি পদেও জয় পাননি জামায়াতপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনভর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গণনার পর শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আবু রেজা ফজলুল হক বাবলু ও সহকারী প্রিসাইডিং অফিসার সাজ্জাদুর রহমান আকন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির আহব্বায়ক (অ্যাডহক কমিটি) অ্যাডভোকেট আব্দুল বারি।
বার্ষিক এই নির্বাচনে ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না।
ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মনরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।
বিএনপিপন্থি আইনজীবী প্যানেল সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী অন্য প্রার্থীরা হলেন- সহসভাপতি পদে অ্যাডভোকেট মীর ইমরান আলী পাবেল, অ্যাডভোকেট এ কে এম মইনুল হোসেন মিলন, সহসম্পাদক পদে সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান খান, রাইসুল ইসলাম, অডিটর পদে শরিফুল ইসলাম সোহাগ নির্বাচিত হন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন, অ্যাডভোকেট সাবিকুন্নাহার লিপি, রিয়াদ মোহাম্মদ সাঈদ, মোহাম্মদ রেজাউল করিম, শাহিন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী, সামির আল রশিদ বিপ্লব।
এর আগে ১৫ এপ্রিল ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে এ নির্বাচন থেকে আওয়ামী লীগপন্থী ১৬ জনের প্রার্থিতা বাতিলের নোটিশ প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা আইনজীবী আব্দুল বারি।
জেবি