নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম
শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলায় প্রধান আসামি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদুল হককে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) জামিন চেয়ে আবেদন করেছিলেন শেরপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক। সোমবার তাকেসহ মামলার ৪০ আসামিকে আগাম জামিন দেওয়া হয়।
আরও পড়ুন: ফের বাড়ল এলপি গ্যাসের দাম
গত বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীতে তুচ্ছ ঘটনায় জামায়াত-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হলে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের (৪০) মৃত্যু হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়।
ওইদিন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রার্থীদের বিরুদ্ধে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেবে কমিশন।
অন্যদিকে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলায় ২৩৪ জনের নাম উল্লেখসহ মোট ৭৩৪ জনকে আসামি করা হয়েছে। আলোচিত এই মামলায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতাসহ বিভিন্ন পর্যায়ের বহু নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এমআই