জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৫, ০১:৩৬ এএম
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ফেল করার পর রিভিউ আবেদন করে উত্তীর্ণ হওয়া ১৯১৪ জনের ফলাফল বাতিল করা হয়েছে। তাদের নতুন করে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। রোববার (২৩ নভেম্বর) বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির নির্দেশে সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার কাউন্সিলের গত ২৮ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষার ফলাফল ২০ অক্টোবর প্রকাশিত হয়েছিল। সেখানে ৭ হাজার ৯১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উক্ত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের পক্ষ থেকে ফলাফল পুনঃমূল্যায়নের জন্য বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটিতে বিভিন্নভাবে আবেদন ও অনুরোধ করা হয়েছিল। বাংলাদেশ বার কাউন্সিলের অধিকাংশ নির্বাচিত সদস্য এনরোলমেন্ট কমিটির সভায় উপস্থিত হয়ে উক্ত আবেদনগুলো গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন।
সেই প্রেক্ষিতে এনরোলমেন্ট কমিটি নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে রিভিউ আবেদন আহ্বান করেন। ২৬ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ে লিখিত পরীক্ষায় অকৃতকার্য ৭ হাজার ৫৫৮ জন প্রার্থী রিভিউ আবেদন দাখিল করেছেন। অর্থাৎ প্রায় ৮২ শতাংশ অকৃতকার্য প্রার্থী পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছেন।
আরও পড়ুন: ‘বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু আইন মেনে করতে হবে’
এনরোলমেন্ট কমিটি আবেদনগুলো বিশদভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে, রিভিউ আবেদনকারী প্রার্থীদের মধ্যে যাদের ন্যূনতম ৪৭ নম্বর আছে, তাদেরকে ৩ নম্বর গ্রেইস দেওয়া হবে। এর মাধ্যমে বার কাউন্সিল পরীক্ষা-বিধি অনুযায়ী ন্যূনতম পাশ নম্বর ৫০ পূরণ করে ১৮ নভেম্বর সংশ্লিষ্ট প্রার্থীদের উত্তীর্ণ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রিভিউ ফলাফল প্রকাশের পর অকৃতকার্য প্রার্থীরা আবারও লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করেছেন। বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি ২৩ নভেম্বর বিশেষ জরুরি সভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফলাফল বাতিলপূর্বক রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ণ করা হবে।
এছাড়া, আগামী ২৯ নভেম্বর নির্ধারিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন পরীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে। পরীক্ষা সংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশিত হবে।
বিইউ