জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়কে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিচারকদের অবমাননাকর ছবি-ভিডিও ছড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল এসব অবমাননাকর কন্টেন্ট দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে এবং আগামী ৩ ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলেছে।
বিজ্ঞাপন
রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেন। রায়টি ঘোষিত হয় গত ১৩ নভেম্বর।
রায়ে ক্ষুব্ধ বা সমর্থক হিসেবে সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে বিচারকদের ছবি ব্যবহার করে অবমাননাকর মন্তব্য ছড়ানো হয়, যা ট্রাইব্যুনালের নজরে আসে।
এ প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত হয়ে এমন ছবি-মন্তব্য মুছে ফেলতে বিটিআরসির চেয়ারম্যান ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
বিজ্ঞাপন
আদেশের সময় আদালত বলেছে, মুক্ত চিন্তার প্রকাশ ও বাক স্বাধীনতার ক্ষেত্রে সবাই স্বাধীন। তবে সেটা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে ও অবমাননা না করে হতে হবে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ অন্যরা। এছাড়া আসামিপক্ষের আইনজীবী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
এআইএম/এমআর

