লাইফস্টাইল ডেস্ক
২৭ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
মসৃন ত্বক সবাই চায়। তবে যত্নের বেলায় যত গড়িমসি। অজুহাতগুলো এমন- হয় হাতে একদমই সময় নেই, অথবা দুই হাত ভর্তি শুধুই অজুহাত। এ ধরনের গড়িমসি করা মেয়েদের জন্য কফির ৩টি সহজ অথচ দারুণ ও কার্যকরী ফেসপ্যাক রেসিপি রয়েছে এই প্রতিবেদনে। এই ফেসপ্যাকগুলো বানাতে সময় লাগে কম, ব্যবহার করা সহজ এবং ত্বকের জন্য কার্যকরী।

উপকারিতা: কফি আমাদের ত্বকের ডেড সেল বা মৃতকোষ দূর করে। নিয়মিত কফির ব্যবহারে ত্বকের থাকা জেদি ট্যান ও কালচে ভাব দূর হয়। রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের জেল্লা ফেরায়।
জনপ্রিয় ৩টি কফি ফেসপ্যাক
ট্যান তোলার জন্য কফি ও মধুর প্যাক: ১ চামচ কফি পাউডার ও ১ চামচ মধু একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে ও গলায় আলতো করে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফি ও দুধের প্যাক: ১ চামচ কফি ও ৩ চামচ তরল দুধ ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ পুরো মুখে মাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সতেজ ত্বকের জন্য কফি ও অ্যালোভেরা প্যাক: ১ চামচ কফি ও ১ চামচ অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি ত্বকে ম্যাসাজ করে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
টিপস
কফির ফেসপ্যাক ব্যবহারে ভালো ফল পেতে এবং ত্বকের ক্ষতি এড়াতে এই জরুরি টিপস ও নিয়মগুলো মেনে চলুন-

প্যাচ টেস্ট: যেকোনো ফেসপ্যাক মুখে লাগানোর আগে কানের লতির পেছনে বা হাতের ত্বকে লাগিয়ে ৫ মিনিট পরীক্ষা করুন। আপনার ত্বকের কোনো প্রকার জ্বালাপোলা, চুলকানি বা এলার্জি দেখা না দিলে নিশ্চিন্তে সেটি মুখে ব্যবহার করতে পারেন।
ময়েশ্চারাইজার: কফি ত্বককে কিছুটা শুষ্ক করে দিতে পারে। বিশেষ করে যাদের ত্বক আগে থেকেই শুষ্ক। তাই কফির ফেসপ্যাক ধুয়ে ফেলার পর অবশ্যই ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
ব্যবহারের সময়: যে কোনো ধরনের ফেসপ্যাক একদম সকালে অথবা রাতে ব্যবহার করা উত্তম। তবে সবচেয়ে ভালো হয় রাতে ব্যবহার করলে। কেননা, এসময় ত্বক দীর্ঘ সময় বিশ্রামের সুযোগ পায়।
যা করবেন
কফির ফেসপ্যাক বানাতে সবসময় মিহি বা ব্লেন্ড করা কফি পাউডার ব্যবহার করুন।

আরও পড়ুন: ত্বকের যত্নে টমেটোর ব্যবহার
অপরিষ্কার মুখে ফেসপ্যাক লাগাবেন না। ফেসপ্যাক ব্যবহারের আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
স্ক্রাব করার সময় আঙুল দিয়ে একদম হালকা হাতে সার্কুলার মোশন বা বৃত্তাকারে ম্যাসাজ করুন।
সপ্তাহে সর্বোচ্চ ১ থেকে ২ বার কফির ফেসপ্যাক ব্যবহার করুন। এর বেশি ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে।
যা করবেন না
কফির দানা বড় বা খসখসে হলে সেটি সরাসরি মুখে ঘষবেন না। এতে ত্বকে র্যাশ হওয়ার ঝুঁকি থাকে।
আরও পড়ুন: ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়
চোখের চারপাশের ত্বক সংবেদনশীল ও পাতলা হয়। তাই এসব স্থানে কফির ফেসপ্যাক লাগাবেন না।

যাদের ব্রণের সমস্যা আছে তারা কফি দিয়ে একদমই স্ক্রাবিং করবেন না। স্ক্রাব করলে ব্রণ ফেটে ত্বকে ইনফেকশন হতে পারে।
ফেসপ্যাক লাগানোর পর অনেকেই অতিরিক্ত কথা বলেন। এতে ত্বকে টান লাগে এবং ত্বক ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকুন।
ফেসপ্যাক ধুয়ে ফেলার পরপরই সরাসরি রোদের সংস্পর্শে যাবেন না। ত্বকে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন মেখে তবেই বাইরে যাবেন।
এএ