মহিউদ্দিন রাব্বানি
২০ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
দেশের খুচরা ও দোকান ব্যবসায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত এক বছরে দোকান ব্যবসা কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ। ক্রেতার ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ছোট-বড় সব ধরনের দোকানে বিক্রি কমেছে। কোথাও দৈনিক বিক্রি নেমে এসেছে আগের পাঁচ ভাগের এক ভাগে, কোথাও তারও নিচে। ব্যবসা টিকিয়ে রাখতে কর্মচারী ছাঁটাই করছেন দোকানমালিকরা। ১০ জন কর্মচারীর জায়গায় কাজ চালাতে হচ্ছে দুজনকে, আবার কোথাও চারজনের কাজ করছেন মালিক নিজেই।
ব্যবসায়ীদের দাবি, ক্রেতার সংকটের পাশাপাশি সন্ধ্যা ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের বাধ্যবাধকতা, মার্কেট পরিচালনায় অনিয়ম, অতিরিক্ত সার্ভিস চার্জ এবং সহজ শর্তে ঋণ না পাওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র দোকান ব্যবসায়ীরা সরকারের দেওয়া স্বল্প সুদের ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে, পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির নামে খুচরা ব্যবসায়ীদের হয়রানি করা হলেও বড় কোম্পানি ও সরবরাহ পর্যায়ে কার্যকর নজরদারি নেই বলে অভিযোগ তাদের।
এসব বিষয় নিয়ে ঢাকা মেইলের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান মাহমুদ। সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি।
ঢাকা মেইল: দোকান ও খুচরা ব্যবসার বর্তমান পরিস্থিতি কেমন? গত এক বছরের তুলনায় ব্যবসা কি বেড়েছে, নাকি কমেছে?
মোহাম্মদ নাজমুল হাসান: গত এক বছরের তুলনায় দোকান ও খুচরা ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ হয়েছে। আমাদের হিসাবে, এ সময়ে ব্যবসা প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। সামগ্রিক পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। ছোট-বড় সব ধরনের দোকানেই বিক্রির ওপর এর প্রভাব পড়েছে। ব্যবসায়ীরা আগের মতো পণ্য বিক্রি করতে পারছেন না। অনেক দোকানে ক্রেতার উপস্থিতি কমে গেছে, বিক্রিও আশানুরূপ হচ্ছে না। ফলে ব্যবসার আয় কমে গেলেও দোকান পরিচালনার খরচ ঠিকই বহন করতে হচ্ছে। সব মিলিয়ে দোকান ব্যবসায়ীরা এখন কঠিন সময় পার করছেন।
ঢাকা মেইল: ব্যবসা কমে যাওয়ায় কত দোকান বন্ধ হয়েছে, এ বিষয়ে আপনাদের কাছে কোনো পরিসংখ্যান আছে?
মোহাম্মদ নাজমুল হাসান: দোকান বন্ধ হওয়ার পাশাপাশি নতুন দোকানও তৈরি হচ্ছে। ফলে শুধু কতটি দোকান বন্ধ হয়েছে, তা দিয়ে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে না। সবচেয়ে বড় বিষয় হলো, যারা ব্যবসা করছেন, তারা মূলত ব্যবসা করেই জীবিকা নির্বাহ করতে চান। কিন্তু বিক্রি কমে যাওয়ায় কর্মচারী কমাতে বাধ্য হচ্ছেন। আগে যে দোকানে ১০ জন কর্মচারী ছিলেন, সেখানে এখন দুজন দিয়ে চালানো হচ্ছে। কোথাও চারজনের কাজ একজনকেই করতে হচ্ছে। কারণ, বিক্রি নেই।
ঢাকা মেইল: অনেকে ব্যবসা ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন, এমনকি বিদেশেও চলে যাচ্ছেন। এ ধরনের প্রবণতা কতটা?
মোহাম্মদ নাজমুল হাসান: এমন ঘটনা আছে। কেউ বিদেশে চলে গেছেন, কেউ ব্যবসা ছোট করেছেন। আবার অনেকের দোকান আগে কর্মচারী বা ব্যবস্থাপক দিয়ে পরিচালিত হতো। এখন মালিক নিজেই দোকানে বসছেন। কারণ, তার আর সেই সামর্থ্য নেই। আমরা যারা ব্যবসা শিখেছি, তারা চাইলেই অন্য পেশায় গিয়ে কারও অধীনে কাজ করতে পারব, এমন নয়। আমরা নিজেরা কর্মসংস্থান তৈরি করি। কিন্তু এখন নিজের ব্যবসা টিকিয়ে রাখতেই লড়াই করতে হচ্ছে।
ঢাকা মেইল: উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। এর প্রভাব দোকান ব্যবসায় কতটা পড়েছে?
মোহাম্মদ নাজমুল হাসান: এর প্রভাব ব্যাপক। আগে একটি ছোট দোকানে দিনে ৬ থেকে ৭ হাজার টাকা বিক্রি হতো। এখন সেখানে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকাও বিক্রি হচ্ছে না। বড় দোকানের অবস্থাও ভালো নয়। আগে যেখানে প্রতিদিন ৫০ হাজার টাকা বিক্রি হতো, এখন কোনো দিন ৫ হাজার, কোনো দিন ১০ হাজার, আবার কোনো দিন ১৫ হাজার টাকা বিক্রি হচ্ছে। এক লাখ টাকা বিক্রির দোকানে তা কমে ২০ থেকে ৩০ হাজার টাকায় নেমে এসেছে। এ কারণেই কর্মচারী কমাতে হচ্ছে।
ঢাকা মেইল: কোন শ্রেণির ক্রেতারা কেনাকাটা কমিয়েছেন? নিম্নবিত্ত ও মধ্যবিত্ত, নাকি উচ্চবিত্তদেরও এর প্রভাব পড়েছে?
মোহাম্মদ নাজমুল হাসান: সব শ্রেণির মানুষের মধ্যেই কেনাকাটা কমানোর প্রবণতা দেখা যাচ্ছে। উচ্চবিত্তরাও আগের মতো কেনাকাটা করছেন না। কারণ, আমাদের মধ্যে কেউ ক্রেতা, আবার কেউ বিক্রেতা। একজনের আয় কমে গেলে তার কেনাকাটার সক্ষমতাও কমে যায়। আগে কেউ হয়তো একসঙ্গে দুটি জামা কিনতেন, এখন একটি জামা কিনেই পাঁচ মাস বা এক বছর চালিয়ে দিচ্ছেন। তবে যাদের আয় তুলনামূলক বেশি, বিশেষ করে সরকারি চাকরিতে ৬০ হাজার টাকার বেশি বেতন পান, তাদের কেউ কেউ ভালো আছেন।
ঢাকা মেইল: দোকানভাড়া, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বাড়ছে। বিক্রি কমে যাওয়ার মধ্যে এসব ব্যয় সামলাতে ব্যবসায়ীরা কতটা হিমশিম খাচ্ছেন?
মোহাম্মদ নাজমুল হাসান: দোকানভাড়া ও অন্যান্য খরচ অবশ্যই চাপ তৈরি করছে। তবে আমাদের বিবেচনায় সবচেয়ে বড় সমস্যা শুধু বিদ্যুতের দাম নয়, বরং ব্যবসার সময় কমিয়ে দেওয়া। আগে বিক্রি ভালো থাকলে বিদ্যুতের দাম কিছুটা বাড়লেও তা পুষিয়ে নেওয়া সম্ভব হতো। কিন্তু এখন বিক্রিই নেই।
আমাদের বড় সমস্যা হচ্ছে সন্ধ্যা ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ করে দেওয়ার বাধ্যবাধকতা। আমরা চাই, দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা করা হোক। এতে সকালে দুই ঘণ্টা কম খোলা থাকবে, আবার সন্ধ্যায় দুই ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করা যাবে। বিশেষ করে শীতের মৌসুমে সন্ধ্যার পর কেনাকাটা বাড়ে। কিন্তু সেই সময়ই দোকান বন্ধ করতে হয়। অনেক মার্কেট আবার নির্ধারিত সময়ের বাইরে খোলা রাখার সুযোগও পায় না। কর্মচারীদের বাসায় ফেরার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। তাই আমরা সময়ের সমন্বয় চেয়েছি।
ঢাকা মেইল: রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়ে সরকারের কাছে কোনো আবেদন করেছেন?
মোহাম্মদ নাজমুল হাসান: আমরা একাধিকবার আবেদন করেছি। এবারও গত ২ নভেম্বর মন্ত্রী ও প্রধানমন্ত্রীর বরাবর আবেদন দিয়েছি। এ বিষয়ে সংবাদ সম্মেলনের কথাও জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো আশ্বাস পাইনি। বিষয়টি বিবেচনা করা হচ্ছে কি না, সেটিও স্পষ্ট নয়।
ঢাকা মেইল: ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে?
মোহাম্মদ নাজমুল হাসান: আমাদের বড় দুঃখের জায়গা এখানেই। গত চার বছর ধরে আমরা দাবি জানিয়ে আসছি, দোকান ব্যবসায়ীদের জন্য আলাদা ঋণসুবিধা রাখতে হবে। সরকার প্রতিবছর বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৫ হাজার কোটি থেকে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের বরাদ্দ বা ঋণসুবিধা রাখে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমেও অর্থ সরবরাহ করা হয়। কিন্তু দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এর সুবিধা পান না।
কারণ, ব্যাংকে যখন ক্ষুদ্র ব্যবসার ঋণসংক্রান্ত নির্দেশনা যায়, তখন সেটিকে ক্ষুদ্র শিল্পের সঙ্গে মিলিয়ে ফেলা হয়। আমরা দোকান ব্যবসায়ীরা ক্ষুদ্র শিল্পের আওতায় পড়ি না। ফলে সেই সুবিধা আমাদের কাছে আসে না। বাধ্য হয়ে ১২ থেকে ১৫ শতাংশ সুদে সিসি ঋণ নিতে হয়। অথচ সরকার যে ৪ থেকে ৫ শতাংশ সুদের সুবিধা দেয়, তা আমরা পাই না। এসব অর্থ এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা হয়। কিন্তু প্রকৃত দোকান ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।
ঢাকা মেইল: এ বিষয়ে সরকারের কাছে আপনাদের দাবি ও প্রতিবাদ কতটা জোরালো?
মোহাম্মদ নাজমুল হাসান: আমরা মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি এবং বিভিন্নভাবে দাবি জানিয়েছি। আমরা তো রাজনীতি করি না। আমাদের উদ্দেশ্য দেশের ব্যবসা-বাণিজ্য সচল রাখা। আমরা দেশকে ভালোবাসি এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চাই। কিন্তু আমাদের দাবিগুলো কেউ গুরুত্ব দিচ্ছে না। ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তার সুবিধা কারা পাচ্ছেন, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
ঢাকা মেইল: বাজারে চাঁদাবাজি, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে ব্যবসায়ীরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন?
মোহাম্মদ নাজমুল হাসান: প্রকাশ্যে চাঁদাবাজি আগের তুলনায় কমেছে। তবে সার্ভিস চার্জের নামে এক ধরনের চাঁদাবাজি চলছে। বিশেষ করে বড় বড় মার্কেটের কিছু অনির্বাচিত কমিটির বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে। তারা নির্বাচন ছাড়াই মার্কেট পরিচালনা করছে। কেউ হিসাব চাইলে বা নির্বাচনের দাবি তুললে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়। ফলে ব্যবসায়ীরা ভয়ে কথা বলতে পারেন না।
একটি মার্কেটে ১০০ বর্গফুটের দোকান থেকেও বিপুল পরিমাণ সার্ভিস চার্জ আদায় করা হচ্ছে। কোনো কোনো মার্কেটে মাসে ২৫ লাখ টাকা বা তারও বেশি সার্ভিস চার্জ ওঠে। অথচ কর্মচারীদের বেতন, কমন বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ মিলিয়ে এর তুলনায় অনেক কম অর্থ ব্যয় হয়। দোকানমালিকেরা নিজেদের বিদ্যুৎ ও পানির বিল আলাদাভাবে পরিশোধ করছেন। এরপরও সার্ভিস চার্জের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।
যেসব মার্কেটে নির্বাচিত কমিটি রয়েছে, সেখানে এ ধরনের সমস্যা তুলনামূলক কম। কারণ, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ব্যবসায়ীদের জবাবদিহি করার সুযোগ থাকে। প্রতিটি টাকার হিসাব দিতে হয়। কিন্তু অনির্বাচিত কমিটির ক্ষেত্রে সেই জবাবদিহি নেই। এ কারণে অনেক দোকানমালিক ব্যবসা ছেড়ে দিচ্ছেন। এমনও হচ্ছে, দোকানভাড়া ৩ হাজার টাকা, অথচ সার্ভিস চার্জ দিতে হচ্ছে ৮ হাজার টাকা। ব্যবসা না থাকলে একজন দোকানমালিক এত খরচ কীভাবে বহন করবেন?
ঢাকা মেইল: অনেক সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে পণ্যের দাম বাড়ানো, সিন্ডিকেট করা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠে। আপনাদের সংগঠন এ বিষয়ে কী করছে?
মোহাম্মদ নাজমুল হাসান: আমরা সব সময় এ বিষয়ে কাজ করি। তবে মুক্তবাজার অর্থনীতিতে খুচরা পর্যায়ে একজন দোকানদার ইচ্ছামতো দাম বাড়িয়ে পণ্য বিক্রি করতে পারবেন না। কারণ, একজন বেশি দাম চাইলে ক্রেতা পাশের দোকানে চলে যাবেন। সেখানে কম দামে পণ্য পাওয়া গেলে তিনি সেখান থেকেই কিনবেন। তাই খুচরা পর্যায়ে সিন্ডিকেট গড়ে তোলা কঠিন। প্রকৃত সিন্ডিকেট বা বাজার নিয়ন্ত্রণের জায়গাটি মূলত ওপরের স্তরে।
দেখুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যখন অভিযান চালায়, তখন অনেক ক্ষেত্রে খুচরা দোকানে গিয়ে জরিমানা করে। কিন্তু বড় কোম্পানি, ডিলার ও সরবরাহকারীদের পর্যায়ে যথাযথভাবে যায় না। উদাহরণ হিসেবে টিকে, ফ্রেশ বা বসুন্ধরার মতো বড় কোম্পানির কথা বলতে পারি। তারা যদি দাবি করে যে সরকার নির্ধারিত দামে ১০ লাখ মেট্রিক টন তেল বাজারে ছেড়েছে, তাহলে সেই তেল কার কাছে কত পরিমাণে সরবরাহ করেছে, তার তালিকা থাকার কথা। সেই তালিকা ধরে ডিলারদের কাছে গিয়ে জানতে হবে, তারা কত দামে পণ্য বিক্রি করেছেন।
একজন খুচরা বিক্রেতা যদি বেশি দামে তেল কেনেন, তাহলে তার কাছে কেন বেশি দামে কেনা হয়েছে, সেই রসিদও থাকতে পারে। কিন্তু সেই সরবরাহ পর্যায় যাচাই না করে সরাসরি খুচরা দোকানদারকে জরিমানা করা হচ্ছে। ওপরের পর্যায়ে অনিয়ম রেখে নিচের পর্যায়ের ব্যবসায়ীদের শাস্তি দিলে সমস্যার সমাধান হবে না।
ঢাকা মেইল: পণ্যের দাম বাড়লে খুচরা বাজারে দ্রুত বাড়ে, কিন্তু পাইকারি বাজারে দাম কমলেও খুচরা পর্যায়ে তার প্রভাব পড়তে দেরি হয়। এর কারণ কী?
মোহাম্মদ নাজমুল হাসান: এখানে কিছুটা বাস্তবতা আছে। একজন দোকানদার ২০ টাকা দিয়ে পণ্য কিনেছেন। বাজারে দাম কমে ১৫ টাকা হলে তিনি সঙ্গে সঙ্গে ১৫ টাকায় বিক্রি করলে প্রতি পণ্যে ৫ টাকা লোকসান হবে। তার আগের কেনা পণ্য তো আগের দামেই বিক্রি করতে হবে। বিশ্বের অনেক দেশে পণ্যের দাম কমলে কোম্পানির কাছে আগের মজুত ফেরত দিয়ে নতুন দামে পণ্য কেনার সুযোগ থাকে। আমাদের এখানে সেই ব্যবস্থা নেই।
তবে দাম বাড়ার ক্ষেত্রে অন্য একটি বিষয় কাজ করে। বড় কোম্পানি বা সরবরাহকারীরা অনেক সময় বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পণ্য সরবরাহ করেন না। ধরুন, একটি দোকানে প্রতিদিন ১০ বোতল তেলের চাহিদা, কিন্তু তাকে দেওয়া হলো মাত্র এক বোতল। এভাবে বাজারে সংকট তৈরি হয়। পরে দাম বাড়ানোর সিদ্ধান্ত হলে তারা বেশি দামে পণ্য ছাড়ে। তখন খুচরা ব্যবসায়ীকেও বেশি দামে কিনতে হয়। ফলে খুচরা বাজারে দাম দ্রুত বেড়ে যায়।
আমি বলছি না যে খুচরা ব্যবসায়ীদের মধ্যে কোনো অনিয়ম নেই। প্রত্যেক বাজারেই দু-একজন সুযোগসন্ধানী ব্যবসায়ী আছেন, যারা পণ্য মজুত করে বাড়তি লাভের চেষ্টা করেন। কিন্তু কার্যকর নজরদারি ওপরের পর্যায় থেকে শুরু করতে হবে। শুধু ছোট দোকানে অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যায়, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়রানির শিকার হন।
ঢাকা মেইল: আপনাদের সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ কত বছর? কবে থেকে দায়িত্ব পালন করছেন?
মোহাম্মদ নাজমুল হাসান: আমাদের কেন্দ্রীয় কমিটির মেয়াদ পাঁচ বছর। নতুন কমিটি ২০২৫ সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছে।
ঢাকা মেইল: আপনাকে ধন্যবাদ।
মোহাম্মদ নাজমুল হাসান: আপনাকে ও ঢাকা মেইলকেও ধন্যবাদ ।
এমআর/এএস