হারুন জামিল
২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম
মুসলিম দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের পাশাপাশি জোটের পরিসর বাড়ানোর উদ্যোগ নিয়েছে তুরস্ক। মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ অন্তর্ভুক্ত করে এটিকে আরও কার্যকর ও শক্তিশালী করার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. হাকান ফিদান।
শনিবার (২৮ নভেম্বর) ইস্তাম্বুলে আল-শার্ক ফোরামের এক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনকালে তিনি বলেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় মুসলিম দেশগুলোকে বিচ্ছিন্নভাবে নয়, বরং নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি ও কূটনীতিতে সমন্বিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।
তুরস্কের প্রাচীন ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলের একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আল-শার্ক ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, মুসলিম বিশ্বকে এমন বিষয়গুলোতে এককণ্ঠে কথা বলতে হবে, যেগুলো সমগ্র মানবতার বিবেককে নাড়া দেয়। ফিলিস্তিনকে তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, মক্কা জোট এবং আঞ্চলিক চার দেশের সহযোগিতামূলক কাঠামোর মতো উদ্যোগগুলো আরও স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, তুরস্ক মুসলিম দেশগুলোর সহযোগিতাকে শুধু রাজনৈতিক সংহতির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। বরং প্রতিরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সংযুক্তি, বাণিজ্যিক সম্পর্ক, যোগাযোগ অবকাঠামো, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে সম্মিলিত সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।
ফিদানের এই অবস্থান এমন এক সময়ে সামনে এলো, যখন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সংকট, যুদ্ধ, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন বাড়ছে।
গাজায় ইসরাইলি অভিযান ও পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রসঙ্গ তুলে হাকান ফিদান বলেন, তুরস্ক এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এ বিষয়ে পিছিয়ে আসবে না।
তিনি বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্ক শেষ পর্যন্ত কাজ করে যাবে। গাজায় ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রেও মুসলিম দেশগুলোকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
তার বক্তব্যে ফিলিস্তিনকে শুধু একটি আঞ্চলিক রাজনৈতিক সমস্যা হিসেবে নয়, বরং আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের পরীক্ষাক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রী বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে কিছু বিষয়ে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে। কিন্তু তাদের সমাজগুলোর মধ্যে বহু অভিন্ন স্বার্থ ও মূল্যবোধ রয়েছে। এসব অভিন্ন জায়গাকে কাজে লাগিয়ে পারস্পরিক আস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
তিনি বিশেষভাবে পাঁচটি ক্ষেত্রে সম্মিলিত সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন—আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা; অর্থনৈতিক একীভূতকরণ ও বাণিজ্য সম্প্রসারণ; যোগাযোগ ও পরিবহন অবকাঠামোর উন্নয়ন; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে যৌথ বিনিয়োগ এবং আন্তর্জাতিক কূটনীতিতে সমন্বিত অবস্থান।
ড. হাকান ফিদান উল্লেখ করেন, শুধু বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থায় মুসলিম দেশগুলোর প্রভাব বাড়ানোই যথেষ্ট নয়। বরং এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, যেখানে বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রগুলোর স্বার্থ, অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
ফিদানের বক্তব্যের ভূরাজনৈতিক তাৎপর্য হলো, তুরস্ক মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতাকে একটি কার্যকর আঞ্চলিক শক্তিকাঠামোয় রূপ দেওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে বিতর্কের মধ্যে আঞ্চলিক দেশগুলোর নিজস্ব সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সামনে আনছে আঙ্কারা।
এর আগে ৭ নভেম্বর ইস্তাম্বুলে টিআরটি ওয়ার্ল্ড ফোরামে ফিদান তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত আঞ্চলিক চার দেশের সহযোগিতামূলক কাঠামো এবং ইউরোপের চার দেশের সঙ্গে বৃহত্তর সংলাপের উদ্যোগের কথা তুলে ধরেছিলেন। তিনি তখন বলেছিলেন, নতুন বিশ্বব্যবস্থায় আঞ্চলিক দেশগুলোর নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অধিক দায়িত্ব নেওয়া প্রয়োজন।
অন্যদিকে, ২২ নভেম্বর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের বৈঠক প্রসঙ্গে ফিদান বলেছিলেন, পারমাণবিক শক্তিধর দেশগুলোর সরাসরি আলোচনা আন্তর্জাতিক সংকট আরও গভীর হওয়া ঠেকাতে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
তবে মক্কা জোটের সম্প্রসারণের ঘোষণা গুরুত্বপূর্ণ হলেও নতুন কোন দেশ যুক্ত হচ্ছে, সদস্যদের মধ্যে সামরিক সহযোগিতার ধরন কী হবে এবং সিদ্ধান্ত গ্রহণের কাঠামো কেমন হবে—এসব বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। ফলে এটিকে এখনই পূর্ণাঙ্গ সামরিক জোট হিসেবে বিবেচনা না করে উদীয়মান আঞ্চলিক সহযোগিতার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে ।
আল-শার্ক ফোরাম ২০২৬-এর আলোচনায় তুরস্ক, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। এবারের আয়োজনের বিভিন্ন অধিবেশনে নিরাপত্তা, গোয়েন্দা কৌশল, ফিলিস্তিন ইস্যু, আঞ্চলিক সংঘাত, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচিত হচ্ছে। ফোরামের উল্লেখযোগ্য বক্তা ও অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন— ওয়াদাহ খানফার (প্রেসিডেন্ট, আল-শার্ক ফোরাম ও আল জাজিরা নেটওয়ার্কের সাবেক মহাপরিচালক), ড. কমফোর্ট ইরো (প্রেসিডেন্ট ও সিইও, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ),জেনারেল (অব.) জুবায়ের মাহমুদ হায়াত (সাবেক চেয়ারম্যান, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি, পাকিস্তান), তারিক ইউসুফ (সিনিয়র ফেলো, ব্রুকিংস ইনস্টিটিউশন), গালিপ দালাই (সিনিয়র কনসাল্টিং ফেলো, চ্যাথাম হাউস), অধ্যাপক ইমাদ শাহিন এবং অধ্যাপক মুহাম্মদ মুখতার আল-শানকিতি।
ইস্তাম্বুলে ২৮-২৯ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী আল-শার্ক ফোরাম ২০২৬। এবারের আয়োজনের মূল আলোচ্য বিষয় বৈশ্বিক ব্যবস্থার পুনর্বিন্যাস, আঞ্চলিক সংহতি এবং ভবিষ্যৎ নেতৃত্বে তরুণ প্রজন্মের ভূমিকা।
নীতিনির্ধারক, গবেষক, চিন্তাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণ নেতৃত্ব এতে অংশ নিচ্ছেন। ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা এবং অভিন্ন সমৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত আল-শার্ক ফোরাম গবেষণা, সংলাপ ও শিক্ষার মাধ্যমে বহুত্ববাদ, ন্যায়বিচার, আঞ্চলিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এইচআর/জেবি