আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
নভেম্বর মাসের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলের নারকীয় হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। উপত্যকাজুড়ে অব্যাহত বোমাবর্ষণের পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে রয়েছে শিশুরা। যুদ্ধবিরতির কোনো তোয়াক্কা না করে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২৬ নভেম্বর গাজার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো ফিলিস্তিনি শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নভেম্বরের শুরু থেকে নিহত স্কুলশিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
বুধবার ভোরে গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় দুই বোন ইউসরা (১৫) ও জানা মোহাম্মদ আবু আল-ওউফ (১৩) নিহত হয়। ইউসরা কাফর কাসেম স্কুলের এবং জানা আল-মানার প্রাইভেট স্কুলের শিক্ষার্থী ছিল। ওই হামলায় তাদের বাবা মোহাম্মদ মাজেদ আবু আল-ওউফ ও মা নূরা এজ্জাত আবু আল-ওউফও নিহত হন। আহত হন আরও কয়েকজন। নিহত বাবা উত্তর গাজায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক ছিলেন।
৬ নভেম্বর খান ইউনিসের আল-মাওয়াসির বির ১৯ এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখ নিহত হয়। দশম শ্রেণির এই শিক্ষার্থীর স্বপ্ন ছিল পেশাদার ফুটবলার হওয়ার। তার বাবা নিদাল মোহাম্মদ বারবাখ জানান, স্পোর্টস একাডেমিতে অনুশীলনের সময় কাছের একটি পাহাড়ে অবস্থান নেওয়া ইসরায়েলি ট্যাংক থেকে দুটি গোলা ছোড়া হয়। একটি গোলা ধাতব বস্তুর সঙ্গে আঘাত লেগে দিক পরিবর্তন করে মোহাম্মদের পিঠে বিদ্ধ হয় এবং গলা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটে এমন একটি এলাকায়, যেটিকে নিরাপদ আশ্রয় হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
১৩ নভেম্বর মধ্য গাজার দেইর আল-বালাহতে ইসরায়েলি কামানের গোলায় নিহত হয় ১২ বছর বয়সী আহমেদ আবু দাহের, তার বাবা ও এক নারী। আহমেদের স্বপ্ন ছিল দাদার মতো আরবি ভাষার শিক্ষক হওয়ার।
তার মা ওয়ালা আবু দাহের জানান, বাবার সঙ্গে একটি শোকসভায় যাওয়ার পর সেখানে গোলাবর্ষণ করা হয়। দ্বিতীয় গোলার স্প্লিন্টারে আহমেদের দুই পা, পেট ও মাথা ক্ষতিগ্রস্ত হয়।
চলতি বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানায়, গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করে ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে।
এদিকে, গতকাল গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব খালেদ আবু নাদা ও তার স্ত্রী রয়েছেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থী, বেসামরিক নেতা ও শিক্ষকদের ওপর হামলাকে ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে ‘পরিকল্পিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবন বড় ধরনের সংস্কার বা পুনর্নির্মাণের প্রয়োজন। প্রায় ৮১ শতাংশ স্কুলে সরাসরি হামলা হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও কয়েক শ’ শিক্ষা কর্মী নিহত হওয়ার পাশাপাশি প্রায় ১০ হাজার শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
এদিকে, গাজায় চতুর্থ শীত মৌসুমে ঘনবসতিপূর্ণ তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে শিশুরা। বিশুদ্ধ পানির সংকট, পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস ও মানবিক সহায়তা প্রবেশে বাধার কারণে মেনিনজাইটিস সংক্রমণও বাড়ছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ রোগের প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করেছে। অক্টোবরে নতুন করে ২৭০টিরও বেশি সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত তিন বছরে ইসরায়েলি যুদ্ধে অন্তত ৭৪ হাজার ৭৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু।
আহমেদ ও মোহাম্মদের মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য করার মতো পর্যাপ্ত তথ্য নেই বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে তাদের দাবি, আহমেদের মৃত্যুর দিন পরিচালিত অভিযানে ১০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয় এবং হামলার আগে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এফএ