মহাকাশে সাধারণত মহাকাশচারীদের খাবার বলতে বিশেষভাবে তৈরি প্যাকেটজাত খাবারের কথাই মনে আসে। তবে এবার চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে নজর কেড়েছে পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। সেখানে পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলীর জন্য রাখা হয়েছে গরুর মাংসের নেহারি, বাটার চিকেন, ভেড়ার মাংসের কোরমা ও মসলাদার ছোলাসহ শতাধিক ধরনের হালাল খাবার।
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে প্রবেশ করেছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী মুহাম্মদ জিশান আলী। গত ২৫ নভেম্বর শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে মহাকাশ স্টেশনে পৌঁছান। এর মধ্য দিয়ে তিনি মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগং স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়েন।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, জিশান আলীর মহাকাশযাত্রাকে কেন্দ্র করে তার খাবারের তালিকাও বিশেষভাবে প্রস্তুত করেছে চীন।
চীনের মহাকাশ গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্রের গবেষকেরা পাকিস্তানের খাদ্যাভ্যাস, রান্নার ঐতিহ্য, ব্যক্তিগত পছন্দ এবং পুষ্টির চাহিদা বিবেচনায় নিয়ে এই বিশেষ মেনু তৈরি করেছেন। এতে রয়েছে ১০০টির বেশি ধরনের হালাল খাবার। এর মধ্যে পাকিস্তানি খাবারের সাতটি বিশেষ ধরনের পদও রাখা হয়েছে।
খাবারের তালিকায় রয়েছে- গরুর মাংসের নেহারি, বাটার চিকেন, ভেড়ার মাংসের কোরমা এবং মসলাদার ছোলা। পাকিস্তানি রান্নায় ব্যবহৃত হলুদ ও কারির মতো মসলার বিষয়টিও বিবেচনায় নিয়েছেন গবেষকেরা।
চীনের মহাকাশ গবেষণা কেন্দ্রের গবেষক চেন জুনলি জানিয়েছেন, খাবার তৈরির ক্ষেত্রে নভোচারীদের পুষ্টির চাহিদার পাশাপাশি স্বাদ ও খাদ্যাভ্যাসকে গুরুত্ব দেওয়া হয়েছে। খাবারের রেসিপি চূড়ান্ত করার আগে একাধিকবার স্বাদ পরীক্ষা করা হয়েছে এবং পাকিস্তানি নভোচারীদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।
Butter chicken in space? Yes, it's on the menu. #China's space station is hosting a dinner for six, with a specially curated halal food selection of over 100 varieties for its Pakistani astronaut, including beef nihari, lamb korma and curried chickpeas. https://t.co/hAQhojr4qG
— CGTN (@CGTNOfficial) November 25, 2026
বিশেষ এই খাবার তৈরির পুরো প্রক্রিয়ায় হালাল নীতিমালা অনুসরণ করা হয়েছে। উপাদান নির্বাচন থেকে শুরু করে খাবার প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাত করা পর্যন্ত প্রতিটি ধাপে ইসলামী খাদ্যবিধি বিবেচনায় রাখা হয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন আরও জানিয়েছে, শুধু পাকিস্তানি খাবার নয়, মহাকাশ স্টেশনে তার ব্যক্তিগত পছন্দের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। প্রাথমিকভাবে তার জন্য পাকিস্তানি মসলাযুক্ত দুধ চায়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা ছিল। তবে চীনে অবস্থানকালে চীনা কালো চায়ের প্রতি তার আগ্রহ তৈরি হওয়ায় মেনুতে চীনা চাও যুক্ত করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে জিশান আলী শুধু খাবারের জন্যই আলোচনায় আসেননি। এই মিশনে তিনি বৈজ্ঞানিক গবেষণাতেও অংশ নিচ্ছেন। মহাকাশে পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও জৈববিজ্ঞানসংক্রান্ত বিভিন্ন পরীক্ষায় কাজ করার কথা রয়েছে তার। এর মধ্যে রয়েছে মহাকাশযানের জন্য স্বয়ংক্রিয়ভাবে ক্ষুদ্র ফাটল মেরামত করতে সক্ষম বিশেষ কার্বন ফাইবার উপাদান নিয়ে গবেষণা।
মহাকাশে তার অবস্থান পাঁচ থেকে ১০ দিন স্থায়ী হওয়ার কথা। এ সময় তিনি চীনা নভোচারীদের সঙ্গে যৌথভাবে গবেষণা কার্যক্রমে অংশ নেবেন। পরে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।
প্রসঙ্গত, মহাকাশে খাবার পরিবেশন ও সংরক্ষণ পৃথিবীর মতো সহজ নয়। মাধ্যাকর্ষণ না থাকায় সাধারণ পদ্ধতিতে রান্না করা বা খাবার খাওয়া সম্ভব হয় না। তাই মহাকাশচারীদের জন্য খাবার পৃথিবীতেই বিশেষ পদ্ধতিতে প্রস্তুত, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করা হয়। এসব খাবারকে দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য হওয়ার পাশাপাশি পুষ্টিকর ও সহজে গ্রহণযোগ্য হতে হয়।
এমএইচআর




