আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আগামী বছরের জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে তারা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের চেষ্টা করলে তা যুক্তরাষ্ট্রের কথিত ‘পূর্ণাঙ্গ বিজয়কে পরাজয়ে’ পরিণত করবে বলে সতর্ক করেন ট্রাম্প।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন, জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে তার সামরিক অভিযান চালানোর স্বাধীনতা সীমিত হয়ে পড়তে পারে। তবে বিরোধী দল যাতে যুদ্ধকে আগেভাগে শেষ করার উদ্যোগ না নেয়, সে আশাও প্রকাশ করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা একটি পূর্ণাঙ্গ বিজয়কে পরাজয়ে পরিণত করবে। অর্থাৎ, তারা যদি এমনটা করে, তাহলে দেখুন-তাদের নৌবাহিনী শেষ, বিমানবাহিনী শেষ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-সবকিছু ধ্বংস হয়ে গেছে। তাদের নেতারাও শেষ। অর্থাৎ, ডেমোক্র্যাটরা যদি এমনটা করে, তাহলে তারা একটি বিজয়কে পরাজয়ে পরিণত করবে।’
ট্রাম্প আরও বলেন, ‘রাজনৈতিকভাবে তারা কীভাবে এমনটা করতে পারে, তা আমি বুঝতে পারছি না। কারণ, আমরা বিজয় অর্জন করেছি। আমরা চাইলে যেকোনো সময় এই যুদ্ধের ইতি টানতে পারি।’
যুদ্ধ পরিচালনার জন্য সময় ফুরিয়ে আসার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে, তারা একটি বিজয়কে পরাজয়ে পরিণত করবে। কারণ, সেটাই ঘটবে। তবে জানুয়ারির শেষ পর্যন্ত, মোটামুটি বলতে গেলে, আমাদের অর্থায়ন রয়েছে।’
ইরানে সরকার পরিবর্তন লক্ষ্য নয় জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি শুধু চাই না, তারা পারমাণবিক অস্ত্র অর্জন করুক। সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে আমি কখনোই ছিলাম না। এটি আমার লক্ষ্য বা শর্তের মধ্যে কখনোই ছিল না।’
এমআর