আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির শীর্ষ হিন্দু ও ইহুদি সংগঠন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করার অভিযোগ তুলে তার অস্ট্রেলিয়া সফরের অনুমতি এবং দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে ব্যাখ্যা দাবি করেছে সংগঠন দুটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) যৌথ বিবৃতিতে শফিকুর রহমানের সফর নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
সংগঠন দুটির অভিযোগ, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর শফিকুর রহমান তাকে বীর ও শহীদ হিসেবে অভিহিত করে প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। একইভাবে হামাসের আরেক নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করে তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য প্রার্থনা করেছিলেন তিনি।
যৌথ বিবৃতিতে জামায়াতে ইসলামীর অতীত নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি। তাদের দাবি, বাংলাদেশের দলটির সাবেক কয়েকজন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) ২১ নভেম্বর সিডনিতে একটি মধ্যাহ্নভোজে রহমানকে আপ্যায়ন করেছিল এবং সেখানে অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে। আমরা অস্ট্রেলীয় সরকারের কাছে জানতে চাই, কেন রহমানকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল এবং সরকারের কোনো প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছিলেন কিনা?’
অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি বলেন, ‘ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। দেশটির সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। এ অবস্থায় হামাসের প্রশংসাকারী একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় স্বাগত জানানো হলো?’
অন্যদিকে অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের উগ্রপন্থীদের ভূমিকা রয়েছে। এ ধরনের নৃশংসতাকে সমর্থন করেন বা নীরব থাকেন—এমন ব্যক্তিদের স্বাগত জানানো অস্ট্রেলিয়ার সামাজিক সংহতি ও সম্প্রীতির জন্য ক্ষতিকর হতে পারে।
তবে শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর, ভিসা প্রদান কিংবা দেশটির সরকারি প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমএইচআর