মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশে যাত্রা করেন। 

এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময় ও আবেগঘন পরিবেশে তারা তাকে বিদায় জানান।

সফরকালে ডা. শফিকুর রহমান সিডনি ও অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। 

এসব অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তার নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর মধ্য দিয়ে সফর শুরু হয়। পরদিন ২১ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন। 

একইদিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে শিশু-কিশোরদের আনন্দমেলা এবং শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন।

২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ‘জুলাই আপরাইজিং অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক বৃহত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ছাড়াও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

২৩ নভেম্বর ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানেও প্রবাসীদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সফরের প্রতিটি অনুষ্ঠানে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতা বিশেষ তাৎপর্য তৈরি করে। প্রবাসীদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সরাসরি মতবিনিময় সফরের গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।

টিএই/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর