Dhaka Mail Logo

আন্তর্জাতিক

এনভিডিয়া প্রধানের পদ ফিরে পেলেন জেনসেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম

কথিত চীনা গুপ্তচর এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগের জেরে পদত্যাগের ১১ দিনের মাথায় আবারও বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফিরেছেন জেনসেন হুয়াং। তার এই ফিরে আসার খবরে চিপ প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আবারও বাড়তে শুরু করেছে।

সোমবার (২৩ নভেম্বর) এনভিডিয়ার পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় কোম্পানির প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেয়। তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনার পর পরিচালনা পর্ষদ তার নেতৃত্বের সক্ষমতা এবং নিজের বিষয়ে খোলামেলা বক্তব্য দেওয়ার বিষয়টি বিবেচনায় নেয়। এরপর তাকে পুনরায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। 

এরআগে অ্যালি হুয়াং নামের এক চীনা গুপ্তচরের গোপন সম্পর্কের অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রে সমালোচনা শুরু হয়। এর জেরে গত ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন। 

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন। তার লক্ষ্য ছিল জেনসেন হুয়াংয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ নিয়ে তদন্ত চলবে। 

এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনস জানিয়েছেন, প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার জন্য জেনসেন হুয়াংই উপযুক্ত ব্যক্তি। তার প্রত্যাবর্তন শেয়ারহোল্ডার, কর্মী, অংশীদার ও গ্রাহকদের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেও মতামত নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালনা পর্ষদ মনে করছে, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই।

এদিকে জেনসেনের এই ফিরে আসার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকা রেখেছেন বলে কিছু মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও এ বিষয়ে ট্রাম্প কিংবা হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি।

তবে এনডিভিয়া বোর্ডের সিদ্ধান্তের পর ট্রুথ স্যোশালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে পুনরায় সিইও পদে ফিরিয়ে আনার সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সরকারের এমন কোনো বিশ্বাস করার কারণ নেই যে, এনভিডিয়ায় জেনসেনের প্রত্যাবর্তন জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন যে, তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন-এমন কোনো প্রমাণ মার্কিন সরকারের কাছে নেই।’

অন্যদিকে দায়িত্ব ফিরে পেয়ে হুয়াং বলেন, এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে পেরে তিনি সম্মানিত। নতুন শিল্পবিপ্লবের সূচনালগ্নে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন।

পরিচালনা পর্ষদ, কর্মী, বিনিয়োগকারী ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আবার কাজে ফিরতে আর অপেক্ষা করতে পারছি না’। 

উল্লেখ্য, ১৯৯৩ সালে জেনসেন হুয়াং এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ও উন্নত কম্পিউটিং প্রযুক্তির বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির উত্থানের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স


এমএইচআর