বিশ্বের বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক চীনা গুপ্তচরের গোপন সম্পর্কের খবর আগেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তৈরি করা একটি গোপন স্মারকলিপি ফাঁসের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সতর্ক করে একটি গোপন স্মারকলিপি তৈরি করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছিল।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন। তার লক্ষ্য ছিল জেনসেন হুয়াংয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের একজন জ্যেষ্ঠ নির্বাহী ছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ কিনে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।
মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, মেগাস্পিডের মাধ্যমে চীনে রপ্তানি নিষিদ্ধ উন্নত প্রযুক্তির চিপ পাচার হয়ে থাকতে পারে। তবে জেনসেন ও অ্যালিসের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।
মার্কিন গোয়েন্দাদের নজরদারি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্মারকলিপিতে সতর্ক করা হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্ক চীনের একটি গোয়েন্দা অভিযানের অংশ হতে পারে। বিশ্বের অন্যতম প্রভাবশালী এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানকে লক্ষ্য করে এ ধরনের অভিযান পরিচালনার উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও বাণিজ্যিক তথ্য সংগ্রহ করা।
স্মারকলিপিটি ২০২৫ সালের বসন্তে ট্রাম্প প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিতরণ করা হয়। সে সময় চীনে ট্রাম্পের সফরের প্রস্তুতি চলছিল। এরপরই ট্রাম্পের সঙ্গী হিসেবে চীন সফরে আমন্ত্রিত ব্যবসা ও প্রযুক্তি নির্বাহীদের তালিকা থেকে হুয়াংকে প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছিল।
তবে এ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখার পর ট্রাম্প হুয়াংকে প্রতিনিধিদলে যোগ দিতে বলেন। চীনে যাওয়ার আগে আলাস্কায় যাত্রাবিরতির সময় এনভিডিয়া প্রধান এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পর সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগ তদন্তে স্বাধীন তদন্তের ঘোষণা দিয়েছে। তদন্ত পরিচালনা করবেন পর্ষদের স্বাধীন পরিচালকরা। তাদের সহায়তা করবেন বাইরের আইনজীবীরা।
এনভিডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্য বেহাত হওয়ার কোনো কারণ তারা দেখছে না। তবে সব তথ্য খতিয়ে দেখা হবে।
অন্যদিকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জেনসেন হুয়াং।
স্ত্রী ও পরিবারের প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে তিনি বলেছেন, ‘আমি আমার পরিবার এবং আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কাজের ফলে সে এবং আমাদের সন্তানেরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি তার কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত’।
এদিকে রোববার এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযোগগুলো নিয়ে জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো আলোচনা হয়নি। তবে জেনসেনকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে থাকার বিষয়টিকেও সমর্থন জানিয়েছেন তিনি।
এ ঘটনায় মার্কিন কংগ্রেসেরও নজর পড়েছে। রিপাবলিকান আইনপ্রণেতারা জেনসেন হুয়াংকে আগামী ১৮ নভেম্বর রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্র চীনের কাছে উন্নত এনভিডিয়া এআই চিপ রপ্তানির ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে আসছে। চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় মার্কিন অবস্থান ধরে রাখতে এসব নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বলে মনে করে ওয়াশিংটন। ফলে এনভিডিয়া প্রধানকে ঘিরে এই গোয়েন্দা বিতর্ক শুধু ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিরাপত্তা ও চীননীতির সঙ্গেও জড়িয়ে পড়েছে।
সূত্র: এনডিটিভি
এমএইচআর




