আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকেই জোট সরকার গড়ার আলোচনায় ডাকলেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট।
ইসরায়েলের নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না-পাওয়ায় আইজেনকটকে প্রথম সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট আইস্যাক হেরজগ। তার হাতে সময় ফুরিয়ে আসছে। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে।
প্রেসিডেন্ট চাইলে প্রয়োজনে আরও ১৪ দিন সময় দেওয়া হতে পারেন। তার মধ্যে না পারলে সরকার গড়তে ডাকা হতে পারে নেতানিয়াহুকেই।
এই পরিস্থিতিতে কাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করবেন আইজেনকট, তা নিয়ে কৌতূহল রয়েছে। শনিবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিক ভাবে তিনি লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন।
ইয়াশার পার্টির সমঝোতাকারী দলকে লিকুদদের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন আইজেনকট। রোববার প্রথম বৈঠক হতে পারে। ‘ঐক্যের সরকার’ গঠনের জন্য আইজেনকট কোনও সুযোগ ছাড়বেন না এবং সবরকম চেষ্টা চালিয়ে যাবেন, জানিয়েছে তার দল।
নেতানিয়াহুর দলের সঙ্গে এমনিতে হাত মেলাতে আপত্তি নেই আইজেনকটদের। তবে প্রথম থেকে তারা একটিই কথা বার বার বলে আসছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে এবং রাজনীতি থেকে সরে যেতে হবে নেতানিয়াহুকে।
তিনি একই সরকারে কোনও ভাবেই নেতানিয়াহুর সঙ্গে থাকতে চান না। শুধু তা-ই নয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের সময় ক্ষমতাসীন সরকারের মাথায় যারা ছিলেন, সবার পদত্যাগ দাবি করেছেন আইজেনকট।
শনিবার সরকার গঠনের আলোচনার জন্য ডাক পাওয়ার পর লিকুদ পার্টিও একটি বিবৃতি দিয়েছে। আইজেনকটের সামনে প্রকাশ্যে পাঁচটি প্রধান শর্ত রেখেছে তারা।
প্রথমত, নেতানিয়াহুর বিরুদ্ধে যে ‘রাজনৈতিক বয়কট’ চলছে, তা বন্ধ করতে হবে। সেই সঙ্গে যাবতীয় ব্যক্তিগত আক্রমণ এবং উস্কানিতে ইন্ধন দেওয়া বন্ধ করতে হবে। উল্লেখ্য, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর গদি দিতে হবে, সেই দাবি এখনও করেনি লিকুদ।
নেতানিয়াহুর দলের দ্বিতীয় শর্ত— ইসরায়েলকে সম্পূর্ণ ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে এবং আরব দলগুলির সঙ্গে জোটের সম্ভাবনা পুরোপুরি বাতিল করতে হবে। আরব দলগুলিকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে অভিহিত করেন নেতানিয়াহুরা।
তৃতীয় শর্ত— ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা করতে হবে সরকারি ভাবে।
চতুর্থ শর্ত— গাজা, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলগুলি সক্রিয় রাখতে হবে।
পঞ্চম শর্ত হিসেবে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভার পড়ুয়াদের কথা বলেছে লিকুদ পার্টি। তাদের দাবি, ওই সব পড়ুয়ার মর্যাদা প্রদান এবং বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে রক্ষণশীল নেতাদের সঙ্গে সমঝোতা করতে হবে নতুন সরকারকে। এই শর্তগুলি আইজেনকট মেনে নেন কি-না, তা অবশ্য সময়ই বলবে।
২০২৬ সালের ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন হয়েছিল। কোনও পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। লিকুদ ২৭টি আসন পেয়ে বৃহত্তম দল হয়েছে, নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন।
আইজেনকটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। বিরোধী জোট মোট ৪৮টি আসন পেয়েছে। আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন।
-এমএমএস