রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আরব দলগুলোর সমর্থনে জরুরি সরকার গড়তে চান আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০২:৩২ এএম

শেয়ার করুন:

আরব দলগুলোর সমর্থনে জরুরি সরকার গড়তে চান আইজেনকোট
গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

ইসরাইলে বৃহত্তর জোটের মাধ্যমে সরকার গঠনের উদ্যোগ সফল না হলে পার্লামেন্টের আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকার গঠনের প্রস্তাব পার্লামেন্ট নেসেটে ভোটের জন্য উপস্থাপন করতে চান তিনি। অন্যদিকে, ইসরাইল এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে রয়েছে উল্লেখ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের নেসেটে আইজেনকোটের জোট ৪৮টি, নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। এই পরিস্থিতিতে আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের পথেও বাধা রয়েছে আইজেনকোটের। তার জোটের শরিক ইসরাইল বেইতেইনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থনে গঠিত কোনো সরকারকে তিনি ভোট দেবেন না। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও এমন সরকারের পরিবর্তে আইজেনকোটের নেতৃত্বে একটি ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।

আইজেনকোট মনে করেন, এ অবস্থায় পার্লামেন্ট সদস্যদের নিজেদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাদের সামনে এখন নতুন সরকার গঠন করা অথবা দেশকে আরেকটি নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার মধ্যে একটি পথ বেছে নেওয়ার সুযোগ রয়েছে।

অন্যদিকে, আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনার কঠোর সমালোচনা করেছেন নেতানিয়াহু। তার মতে, এমন উদ্যোগ ইসরাইলের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলবে। এর জবাবে আইজেনকোট অভিযোগ করেছেন, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য নেতানিয়াহু ইরানকে ঘিরে উত্তেজনাকে কাজে লাগাচ্ছেন। একই সঙ্গে আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ উসকে দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করছেন তিনি।

তবে সরকার গঠনের বিষয়ে আশাবাদী আইজেনকোট। তিনি জানিয়েছেন, হারেদি ও লিকুদ পার্টির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই নতুন সরকার গঠনের বিষয়ে নিজের প্রত্যয়ের কথাও জানিয়েছেন তিনি।

সূত্র: টাইমস অব ইসরাইল।

/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর