আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা, শক্তিশালী মার্কিন ডলার এবং বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতার কারণে মূল্যবান এই ধাতুর দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, স্বর্ণের দাম কি আরও কমবে, নাকি এই দরপতনের মধ্য দিয়েই বাজার ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হচ্ছে?
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে ৩ হাজার ৫১৪ ডলারের কাছাকাছি নেমে আসে। দিনের লেনদেনে দাম একপর্যায়ে ৩ হাজার ৫০২ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের গোল্ড ফিউচারসের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
এতে সপ্তাহজুড়ে মূল্যবান এই ধাতুর দরপতনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯ দশমিক ৪ শতাংশে, যা ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
আরও পড়ুন
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।
বিশ্লেষকদের মতে, স্বর্ণের দরপতনের অন্যতম প্রধান কারণ মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ডলারে নির্ধারিত হয়। ফলে ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। এতে চাহিদা কমার আশঙ্কা তৈরি হয় এবং দামের ওপর চাপ পড়ে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ার সম্ভাবনা। বাজারে ধারণা তৈরি হয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেড আগামী ডিসেম্বরের বৈঠকে সুদের হার বাড়াতে পারে।
বাজারের পূর্বাভাসে ডিসেম্বর মাসে ২৫ ভিত্তি পয়েন্ট সুদ বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশে পৌঁছেছিল।
সুদের হার বাড়লে ব্যাংক আমানত ও সরকারি বন্ডের মতো সুদ প্রদানকারী বিনিয়োগের আকর্ষণ বাড়ে। অন্যদিকে স্বর্ণ কোনো সুদ বা লভ্যাংশ দেয় না। ফলে উচ্চ সুদের পরিবেশে অনেক বিনিয়োগকারী স্বর্ণের পরিবর্তে অন্য সম্পদে অর্থ সরিয়ে নিতে পারেন।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি কোম্পানির শেয়ারে দরপতনও স্বর্ণ বিক্রির চাপ বাড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে অভিষেক বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে না পারায় বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শেয়ারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়া কিছু বিনিয়োগকারী অন্য সম্পদ বিক্রি করে লোকসান সামাল দেওয়ার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে স্বর্ণের অবস্থানও বিক্রি করা হচ্ছে।
হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, এআই-সংশ্লিষ্ট শেয়ারবাজারে চলমান দরপতনের কারণে বিনিয়োগকারীদের কেউ কেউ লোকসান সামাল দিতে স্বর্ণ বিক্রি করছেন। উচ্চ সুদের হার, শক্তিশালী ডলার এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির আশঙ্কাও স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
রয়টার্স জানিয়েছে, স্বল্প মেয়াদে স্বর্ণের দামে আরও পতনের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বাজার বিশ্লেষকেরা। বিশেষ করে মার্কিন ডলার শক্তিশালী থাকলে এবং ফেড সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিলে স্বর্ণের ওপর চাপ অব্যাহত থাকতে পারে। তবে দরপতনের পর তুলনামূলক কম দামে স্বর্ণ কেনার আগ্রহও তৈরি হচ্ছে।
আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ বলেছেন, আগামী কয়েকটি সেশনে দাম আরও উল্লেখযোগ্যভাবে কমতে পারে। তবে সময়ের বিবেচনায় স্বর্ণ ও রুপার বাজার শিগগিরই নিম্নমুখী প্রবণতা থেকে ঘুরে দাঁড়ানোর পর্যায়ে পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি বাজারের গতিপথ নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি, সুদের হার, ডলারের অবস্থান, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আবারও বাড়তে পারে।
এমএইচআর