আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতনের প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্বর্ণবাজারে। দাম কমার খবর ছড়িয়ে পড়তেই শহরটির বিভিন্ন স্বর্ণের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। কম দামে স্বর্ণ কিনতে জুয়েলারি দোকানে ছুটছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে প্রবাসী ও পর্যটকেরা।
শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিশ্ববাজারে শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় স্বর্ণের দাম কমেছে। এর প্রভাব পড়েছে দুবাইয়ের খুচরা বাজারেও।
প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ৪৩২ দশমিক ৫০ দিরহামে নেমে এসেছে। একই সময়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে প্রায় ৪০০ দিরহামে দাঁড়িয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ৩২৯ দশমিক ২৫ দিরহাম।

এদিকে দাম কমে যাওয়ায় অনেক ক্রেতা স্বর্ণ কেনার সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দাম কমার অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে কেনাকাটার আগ্রহ বেড়েছে। বিয়ের গয়না ও বিনিয়োগের উদ্দেশ্যে স্বর্ণ কিনতে আসা ক্রেতাদের উপস্থিতিও বাজারে লক্ষ্য করা যাচ্ছে।
ব্যবসায়ীদের মতে, স্বর্ণের দাম ওঠানামা করলেও দাম কমার সময় ক্রেতাদের আগ্রহ সাধারণত বেড়ে যায়। অনেকেই ভবিষ্যতে দাম আবার বাড়তে পারে—এমন আশঙ্কায় এখনই কেনাকাটা শেষ করতে চাইছেন।
অন্যদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান ‘রেট লক’ বা আগাম দাম নির্ধারণের সুবিধাও দিচ্ছে।
রেট লক স্কিমের আওতায় ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ অগ্রিম অর্থ জমা দিয়ে বর্তমান বাজারদরে ভবিষ্যতের স্বর্ণ কেনার মূল্য নির্ধারণ করতে পারেন। এতে পরবর্তী সময়ে বাজারদর বেড়ে গেলেও নির্ধারিত শর্ত অনুযায়ী আগের কম দামে স্বর্ণ কেনার সুযোগ থাকে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দুটি ধরনের সুবিধা দিচ্ছে। একটি পরিকল্পনায় ক্রেতাকে স্বর্ণের মূল্যের ৫০ শতাংশ অগ্রিম দিয়ে তিন মাসের জন্য দাম নির্ধারণের সুযোগ দেওয়া হচ্ছে। অন্য পরিকল্পনায় পুরো অর্থ অগ্রিম পরিশোধ করলে ছয় মাস পর্যন্ত নির্ধারিত দামে স্বর্ণ কেনা যাবে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ জানিয়েছেন, তাদের স্কিমে দাম বাড়লে ক্রেতারা আগের নির্ধারিত দামে কেনার সুবিধা পান। আবার দাম কমে গেলে কেনার সময়কার কম বাজারদর গ্রহণ করতে পারেন।
অন্যদিকে, বাফলেহ জুয়েলার্সের স্কিমে নির্দিষ্ট পরিমাণ অগ্রিম জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ পরিশোধ করার সুযোগ রয়েছে। তবে অগ্রিমের পরিমাণ ও দাম সুরক্ষার শর্ত স্কিমভেদে আলাদা।
তবে ‘রেট লক’ স্কিমে বাজারদর আরও কমে গেলে ক্রেতারা সেই সুবিধা পাবেন কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুক্তির ওপর নির্ভর করে। তাই এ ধরনের স্কিমে অংশ নেওয়ার আগে অগ্রিম অর্থ ফেরত, বুকিং বাতিল এবং মূল্য সমন্বয়ের শর্ত যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএইচআর




