Dhaka Mail Logo

আন্তর্জাতিক

১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠানোর ঘোষণা মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে একটি নির্দিষ্ট দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় তুরস্কে পাঠানোর ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকার। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক দমন-পীড়নের পর রোহিঙ্গাদের জন্য এটি অন্যতম বৃহৎ পুনর্বাসন উদ্যোগ হতে যাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ পরিকল্পনার ঘোষণা দেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয়, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত হত্যা ও ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্র-সমর্থিত গণহত্যার শামিল। এর একদিন পরেই মালয়েশিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এলো। 

আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে

রোহিঙ্গা গণহত্যার রায়ে কী আছে, মিয়ানমারের পরিণতি কী হতে পারে?

এক বিবৃতিতে আহমাদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে আরও সমন্বিত, কার্যকর ও মানবিক উপায়ে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে তুরস্ক সরকারের সম্মতিকে আমি স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার দীর্ঘমেয়াদি সমাধান খোঁজার ক্ষেত্রে এটি মালয়েশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর দাবি, রোহিঙ্গা পুনর্বাসনে মালয়েশিয়া ও তুরস্কের এই যৌথ উদ্যোগ বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার একটি মডেল হয়ে উঠতে পারে।

তিনি আরও জানান, অংশগ্রহণকারী নির্বাচনের কাজ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের জন্য তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে মালয়েশিয়া। এ ক্ষেত্রে শিল্পখাতের প্রয়োজন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি এবং আন্তর্জাতিক বিধি-বিধান বিবেচনায় নেওয়া হবে।

তবে এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও ক্ষতিপূরণের নির্দেশ আইসিজের

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার জন্য মালয়েশিয়ার ওপর চাপ বাড়ছে। 

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি শেষে মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা নিবন্ধিত শরণার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৯৩ হাজার। তাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

মালয়েশিয়া সরকার চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

সূত্র: রয়টার্স, ইনফোমাইগ্রেন্টস

এমএইচআর