Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ইউরোপীয় নেতারা বলেছেন, দেশটিতে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, আলোচনার বিষয়ে ইউরোপের অবস্থান স্পষ্ট, ধারাবাহিক ও ঐক্যবদ্ধ। অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জোর দিয়ে বলেছেন যে মস্কোর চরমপন্থী দাবিগুলো বাস্তবসম্মত নয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জার্মানির বার্লিন ইউক্রেনের মিত্রদেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সম্মেলনে এসব কথা বলেন তারা।

বার্লিনে উপস্থিত যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধির একজন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে সঙ্গে নিয়েই মস্কোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিরোধিতা করে এসেছেন।

এর আগে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর শেনজেনে পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প।

পরে এয়ার ফোর্স ওয়ান থেকে বার্লিন সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

এদিকে ট্রাম্প ও শির সঙ্গে বৈঠকের পর এক দীর্ঘ সংবাদ সম্মেলনে বহুপক্ষীয় শান্তি আলোচনার বিষয়টি নিয়ে কথা বলেন পুতিন।

তিনি বলেন, আমেরিকানরা ইউরোপীয়দের অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য রাশিয়াকে "জোরালোভাবে" অনুরোধ করছে।

পুতিনের দাবি, রাশিয়া এতে আপত্তি করছে না। তবে মস্কো আগে জানতে চায়, এই আলোচনায় ইউরোপ কী ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, ‘এ কারণেই আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইউরোপীয়দের মস্কোয় আসার আমন্ত্রণ জানিয়েছি, যাতে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারেন। এরপর আমরা সিদ্ধান্ত নেব, ইউক্রেনের সঙ্গে কোন আঙ্গিকে আলোচনা চালিয়ে যাব।’

পুতিন আরও বলেন, ‘ইউরোপীয় নেতাদের কাছ থেকে রাশিয়া প্রতিদিনই শুনছে যে ২০৩০ সালে যুদ্ধ শুরু হতে পারে। কিন্তু আমরা কাউকে আক্রমণ করার পরিকল্পনা করছি না। এটা কি স্বাভাবিক? আমার তা মনে হয় না।’

তবে ইউরোপীয় নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইউরোপকে বাদ দিয়ে আলোচনা করা অর্থহীন বলেও স্বীকার করেন রুশ প্রেসিডেন্ট।

জ্যারেড কুশনার সাংবাদিকদের বলেছেন, শেনজেনের বৈঠক শেষে ট্রাম্পের মনে হয়েছে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, ইউরোপীয়দের আলোচনার টেবিলে রাখা উচিত। এ বিষয়ে মার্কিন প্রতিনিধিদের মূল্যায়নের ওপর আস্থা রাখতে রাজি হয়েছে রাশিয়া।

ট্রাম্প জামাতার দাবি, ইউক্রেনকে ন্যাটোর অনুচ্ছেদ পাঁচের আদলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়েও মস্কো এখন আপত্তি করছে না।

ন্যাটোর এই অনুচ্ছেদ অনুযায়ী, জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্য দেশগুলো তার প্রতিরক্ষায় এগিয়ে আসবে।

বার্লিন সম্মেলনে অংশ নেওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষাব্যবস্থার সমতুল্য নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আসছেন।

তবে পুতিন এমন কোনো শর্ত মেনে নেবেন, এমন ইঙ্গিত এখন পর্যন্ত খুব কমই পাওয়া গেছে।

রাশিয়া ইউক্রেনের নেটো সদস্যপদ পাওয়ার সম্ভাবনা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেনকে ন্যাটোর সদস্য না করেও অনুচ্ছেদ পাঁচের মতো নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করেছেন মার্কিন আলোচকরা। এর বিনিময়ে কিয়েভকে ভূখণ্ড ছাড় দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

তবে কুশনারের মতো আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং জার্মান চ্যান্সেলর মের্ৎস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ।

জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, এখন পর্যন্ত সব প্রস্তাবই প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘পুতিন সব সময়ই না বলেছেন।’

জার্মান চ্যান্সেলর মের্ৎসও শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা বাড়ছে।

তিনি জানান, ইউরোপ রাশিয়ার সঙ্গে ইউরোপীয় নিরাপত্তা নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত। তবে তার আগে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি হতে হবে এবং আলোচনাও হতে হবে আন্তরিক।

সূত্র: বিবিসি

এমএইচআর