চীনের শেনঝেনে প্রায় ৯০ মিনিটের বৈঠকের পর যৌথভাবে ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেনজেনের কিলিন ভিলায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের তিন পরাশক্তির নেতাদের মধ্যে বৈঠকে মূল চারটি বিষয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে দফার ঘোষণায় জাতিসংঘ সংস্কার, জ্বালানি সরবরাহ বৃদ্ধি, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ার এবং পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

তবে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে নির্দিষ্ট কোনো উদ্যোগ বা সময়সীমার কথা ঘোষণায় উল্লেখ করা হয়নি।
ঘোষণার প্রথম দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তিন দেশ জাতিসংঘের সংস্কারে কাজ করার অঙ্গীকার করেছে, যাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ আরও কার্যকর দায়িত্ব পালন করতে পারে।
দ্বিতীয় দফায় পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ও স্থিতিশীল সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা বলা হয়েছে।
তিন নেতা মনে করেন, বিশ্বের সব দেশের স্বার্থে জ্বালানির নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখা জরুরি। তবে এ ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা সময়সীমা ঘোষণা করা হয়নি।
তৃতীয় দফায় রাষ্ট্রের সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির ওপর গুরুত্ব দিয়েছেন তিন নেতা। তাদের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতসহ এ ধরনের প্রতিষ্ঠানগুলো যেন নিজেদের এখতিয়ারের অপব্যবহার না করে।
চতুর্থ দফায় পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে তিন নেতা বলেছেন, এ ধরনের যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু করা উচিত নয়। পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং পারমাণবিক ঝুঁকি কমাতে তিন দেশের মধ্যে সংলাপ চালানোর সিদ্ধান্ত হয়েছে।
এদিকে চীনের সরকারি বিবরণে ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও কোরীয় উপদ্বীপসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের তিন পরাশক্তির নেতাদের মধ্যে ইতিহাসের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হিসেবে এটিকে অভিহিত করা হচ্ছে। বৈঠকের আগে ট্রাম্প পৃথকভাবে শি জিনপিং ও পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতাকেই বন্ধু হিসেবে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র গঠনমূলকভাবে সহযোগিতা করলে বৈশ্বিক স্থিতিশীলতা আরো শক্তিশালী করতে পারে।
তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা করা।
অন্যদিকে শি জিনপিং বলেন, বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য জরুরি। মতপার্থক্য থাকলেও আলোচনা ও কূটনীতির মাধ্যমে তা সমাধানের ওপর জোর দেন তিনি।
সূত্র: বিবিসি, এপি
এমএইচআর




