Dhaka Mail Logo

আন্তর্জাতিক

‘জীবিত অবস্থায় নাও ফিরতে পারি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ন্যায়বিচার দিন’

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম

জীবিত অবস্থায় নাও ফিরতে পারি, সময় ফুরিয়ে যাওয়ার আগেই ন্যায়বিচার দিন- এমন আকুতি জানিয়ে শীর্ষ বিচারপতিদের কাছে খোলা চিঠি লিখেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি পিটিআই নেতা ইমরান খান। নিজের শারীরিক অবস্থার অবনতি, নিয়ন্ত্রণহীন রক্তচাপ এবং স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কার কথা তুলে ধরে দুজনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দেশটির ফেডারেল সাংবিধানিক আদালত (এফসিসি), সুপ্রিম কোর্ট (এসসি) ও ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতিদের কাছে লেখা চিঠিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে আদালতগুলোর প্রতি আবেদন জানান দেশটির সাবেক এই ক্রিকেট তারকা।

ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদর সামাজিক মাধ্যম এক্সে (আগের নাম ছিল টুইটার) চিঠিটি প্রকাশ করেন। এর আগে গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, ১১ নভেম্বরের সাক্ষাতের সময় ইমরান খান তাকে বিচারপতিদের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

চিঠিতে সালমান সফদর লেখেন, ‘আমি তার নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এবং কেবল সেই নির্দেশনার ভিত্তিতেই এই চিঠি পৌঁছে দিয়েছি। পরবর্তী কথাগুলো তার (ইমরান খানের) নিজের।’

চিঠিতে ইমরান খান জানান, তিনি জীবনের বড় একটি অংশ হাসপাতাল নির্মাণে ব্যয় করেছেন, যাতে দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। অথচ আজ নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তাকে আবেদন জানাতে হচ্ছে।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার জীবন হাসপাতাল নির্মাণে ব্যয় করেছি, যাতে যাদের চিকিৎসার সামর্থ্য নেই, তারা বিনামূল্যে চিকিৎসা পান। আজ আমি শুধু আমার ও আমার স্ত্রীর চিকিৎসার আবেদন জানাচ্ছি।’

imran khan-2ইমরান খান জানান, তিনি এখন একটি নির্জন সেলে বন্দি। সেখান থেকে নিজের বক্তব্য বাইরের পৃথিবীতে পৌঁছানোর একমাত্র উপায় হিসেবে এই চিঠি লিখছেন।

তিনি বলেন, ‘আমি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কিংবা কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে লিখছি না। আমি আমার জীবন পাকিস্তানের জন্য উৎসর্গ করেছি। ক্রিকেট মাঠে, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এবং দেশটির ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আমি জাতির সেবা করেছি। ৭০ বছর বয়স পর্যন্ত আমার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলাও ছিল না।

‘কিন্তু ৭০ বছর বয়স পার হওয়ার পর আমার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্মম রাজনৈতিক প্রতিহিংসার অভিযান শুরু হয়। একের পর এক মামলা, আদালতে শতাধিক হাজিরা, বারবার আগাম জামিনের আবেদন এবং হত্যাচেষ্টার শিকার হতে হয়েছে আমাকে। আল্লাহর রহমতে সেই হামলা থেকে বেঁচে ফিরেছি। এত কিছুর পরও আমি আইনের পথেই থেকেছি। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রতিটি মামলায় আদালতের মাধ্যমে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি এবং কখনো সেই লড়াই থামাইনি।’

বিভিন্ন সময়ে আদালত থেকে পাওয়া কিছু প্রতিকার তার মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা জাগিয়েছিল জানিয়ে তিনি বলেন, তবে সংবিধানের সংশোধনীগুলোর পর সেই সুযোগ ক্রমেই সীমিত হয়ে আসে এবং একপর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ইমরান খান বলেন, ‘এ কথা বলতে আমার গভীর কষ্ট হয় যে, যখন আমার সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন ছিল, তখন যে বিচারব্যবস্থার ওপর আমি আস্থা রেখেছিলাম, সেটি আমার পাশে দাঁড়ায়নি। আদিয়ালা কারাগারের ভেতরে আমি ও আমার স্ত্রী একের পর এক ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছি। এখনো আমাদের আপিলগুলো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অথচ আমি কখনো চিকিৎসার অজুহাতে আদালতের কাছে কোনো সুবিধা চাইনি কিংবা অসুস্থতাকে কৌশল হিসেবে ব্যবহার করিনি। মামলাগুলোতে আইনি যুক্তির ভিত্তিতেই লড়াই করেছি এবং এখনো তা করছি।’

পিটিআইয়ের এই প্রতিষ্ঠাতা বলেন, তোশাখানা-২ মামলার রায়ের পর পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন ঘটে।

সৌদি যুবরাজের কাছ থেকে ২০২১ সালের মে মাসে সরকারি সফরকালে উপহার হিসেবে পাওয়া দামি বুলগারি গয়নার সেট নামমাত্র মূল্যে কেনার অভিযোগসংক্রান্ত মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চিঠিতে ইমরান অভিযোগ করেন, ওই রায়ের পর তাকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে থাকতে হচ্ছে তাকে। এতে সংবিধান ও কারাবিধিতে একজন বন্দির জন্য নিশ্চিত করা অধিকারগুলো উপেক্ষা করা হচ্ছে।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ নেই, আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ নেই, ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ নেই। এমনকি বই পড়া কিংবা টেলিভিশন দেখার সুযোগও নেই।’

ইমরান খান জানান, কয়েক মাস আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার পর সুপ্রিম কোর্ট তাকে সহযোগিতার জন্য অ্যামিকাস কিউরি (আদালতের সহায়তাকারী) হিসেবে নিয়োগ দিলে গত ১০ ফেব্রুয়ারি সালমান সফদর তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পান।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতার ভাষ্য অনুযায়ী, ওই সাক্ষাতে আইনজীবী দেখতে পান, তার ডান চোখের দৃষ্টিশক্তি ৮৫ শতাংশ কমে গেছে। অথচ এ বিষয়ে তার পরিবার কিংবা আইনজীবীকে আগে কিছুই জানানো হয়নি।

ইমরান খান অভিযোগ করেন, ওই সাক্ষাতের পর আবারও তাকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। কারা কর্তৃপক্ষ প্রতিহিংসাপরায়ণ আচরণ করে তাকে পুনরায় একাকী বন্দি করে।

তিনি আরও বলেন, চলতি বছরে তাকে মাত্র চারবার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বুশরা বিবি তার আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন মাত্র একবার।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, এটি কারাবিধি ও প্রত্যেক বন্দির মৌলিক অধিকারের লঙ্ঘন। এর ফলে তারা যেসব মামলায় নিজেদের নির্দোষ প্রমাণের জন্য লড়াই করছেন, সেগুলোতে যথাযথভাবে আত্মপক্ষ সমর্থন করতে পারছেন না।

দীর্ঘদিনের নির্জন কারাবাস এবং মানুষের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের সুযোগ না থাকায় মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে বলেও জানান পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, ‘এটি শুধু আমার নিজের বক্তব্য নয়। কারাগারের মেডিকেল বোর্ডও আমার উদ্বেগ ও মানসিক অস্থিরতার বিষয়টি নথিভুক্ত করেছে। তারা আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে আরও ঘন ঘন যোগাযোগ, পড়ার উপকরণ এবং টেলিভিশনের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে। কিন্তু সেই পরামর্শ বাস্তবায়ন করা হয়নি।’

imran khan-3

ইমরানের অভিযোগ, কারা কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই তার স্ত্রীর সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানতে পেরেছেন, তার বোনদেরও আটক রাখা হয়েছে। কিন্তু তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না।

এ ছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তার দুই ছেলে কাসিম ও সুলাইমানকে ফোন করার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

ইমরান খান বলেন, ‘কারাগারে কেউ আমার সঙ্গে কথা বলতে বা আমার কথার জবাব দিতে পারে না। আমি কাউকে সালাম দিলেও তারা উত্তর দেয় না। এমনকি পবিত্র কোরআনের কোনো আয়াত তিলাওয়াত করলেও কেউ কথা বলে না। আমার মনে হয়, এর উদ্দেশ্য হলো আমাকে অসুস্থ করে তোলা এবং মানসিকভাবে ভেঙে দেওয়া।’

তবে নিজের চেয়েও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন বলে জানান তিনি।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা বলেন, গত এপ্রিলে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গোপনে তার জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে আবারও নির্জন কারাকক্ষে পাঠানো হয়।

ইমরান খান বলেন, ‘চলতি মাসে যখন আমি তার সঙ্গে দেখা করি, তখন তিনি আলো সহ্য করতে পারছিলেন না, এমনকি চোখও খুলতে পারছিলেন না। আবার অস্ত্রোপচার না করালে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। তার চিকিৎসার নথিপত্র আটকে রাখা হয়েছে, পছন্দের চিকিৎসকদের দেখানোর সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি তার সাজা স্থগিতের আবেদনও শুনানি ছাড়াই পড়ে রয়েছে। অথচ নারী বন্দিদের ক্ষেত্রে আইন মানবিক আচরণের সুযোগ রেখেছে।’

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও জানান, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

কিন্তু আদালতের সেই নির্দেশ এখনো বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। ইমরানের ভাষায়, বিষয়টি এখন ফেডারেল সাংবিধানিক আদালতের শুনানির অপেক্ষায় রয়েছে।

ইমরান খান বলেন, আল-কাদির ট্রাস্ট মামলায় তার আপিলের শুনানি আগে নেওয়া হচ্ছে। অথচ তার ও স্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা এবং সুপ্রিম কোর্টের বাস্তবায়ন না হওয়া নির্দেশসংক্রান্ত পুরোনো আবেদনগুলো এখনো নিষ্পত্তি হয়নি।

তিনি লেখেন, ‘আমার স্ত্রীর ক্রমাবনতিশীল দৃষ্টিশক্তি এবং সুপ্রিম কোর্টের বাস্তবায়ন না হওয়া নির্দেশই আমাকে এই চিঠি লিখতে বাধ্য করেছে।’

নিজের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে ইমরান বলেন, নির্জন কারাবাসে তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কখনো ১৩০, কখনো ১৫০, আবার কখনো ১৭০ পর্যন্ত উঠেছে। গত ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯২ ও ১৯৩ পর্যন্ত পৌঁছেছিল।

ইমরান খান বলেন, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন হেমোরেজ) কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তার অনেক বেশি। ইতোমধ্যে তার হৃদ্‌যন্ত্রেরও ক্ষতি হয়েছে।

পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী লেখেন, ‘আমার বয়স এখন ৭৪ বছর। এভাবে অব্যাহত চাপ ও দুরবস্থার মধ্যে থাকলে এমন এক পরিস্থিতিতে পৌঁছে যেতে পারি, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’

তিনি আরও বলেন, ‘অসংখ্য কঠিন আইনি লড়াই করেছি এবং এখনো থামিনি। কিন্তু বিচারব্যবস্থা আমাকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে।’

চিঠির শেষাংশে ইমরান খান বলেন, বিচারপতিদের কাছে তিনি কোনো বিশেষ অনুগ্রহ চাইছেন না। তার একমাত্র দাবি, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়ন এবং তাদের দুজনের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা।

তিনি লেখেন, ‘ন্যায়বিচার হিসেবে আপনাদের কাছে আমার একমাত্র আবেদন হলো, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশগুলো বাস্তবায়ন করুন এবং আমাদের শারীরিক অসুস্থতার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন। বেঁচে থাকলেই কেবল আমি নিজের নির্দোষিতা প্রমাণের লড়াই চালিয়ে যেতে পারব। মানবিকতার সবচেয়ে মৌলিক জায়গা থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি-সময় ফুরিয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’

২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। অন্যদিকে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি একটি পৃথক মামলায় দণ্ডিত হওয়ার পর গ্রেফতার হন তার স্ত্রী বুশরা বিবি। সূত্র: ডন।

এমআর