আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম
ইরানের দক্ষিণাঞ্চল থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। একই সময়ে প্রণালির মধ্যে অবস্থিত ইরানের কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে গলফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকা থেকে হরমুজ প্রণালির দিকে রোববার (৮ নভেম্বর) রাতে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তবে এগুলো কী ধরনের অস্ত্র, কোথায় লক্ষ্য করে ছোড়া হয়েছে কিংবা কোনো স্থানে আঘাত হেনেছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, কেশম দ্বীপে বিস্ফোরণের কারণও এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
এদিকে ইরানের সংবাদমাধ্যমগুলো জাস্ক ও বন্দর আব্বাস শহরেও বিস্ফোরণের খবর জানিয়েছে। এর আগে এসব বিস্ফোরণের সঙ্গে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ রুট হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই এসব ঘটনার খবর সামনে এলো। বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়।
তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনাগুলোর প্রকৃত কারণ, লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ইরানে অস্ত্র ও পণ্য প্রবেশ ঠেকাতে স্থলপথে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর মাধ্যমে ইরানের ওপর চলমান নৌ অবরোধ আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে।
ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের পাশাপাশি এ উদ্যোগের ফলে ইরানে পণ্য প্রবেশ ও বের হওয়া কঠিন হয়ে পড়বে বলেও দাবি করেন তিনি।
এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়।
আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, নতুন বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত বাড়ানোর সক্ষমতা আরও সীমিত করবে।
ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্য রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে।
ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ ঠেকানো হবে তাদের প্রধান লক্ষ্য।
তবে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে ব্যর্থ বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, বিভিন্ন নামে ও পরিকল্পনায় যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা করছে, তা কখনোই সফল হবে না।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তিনি বলেন, চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া ও দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্য অর্জন করতে পারবে না ওয়াশিংটন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের যোগাযোগ ও বাণিজ্যিক পথ বন্ধ করার ক্ষমতাও যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেন তিনি।
সেন্টকমের দাবি, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণে দেশটির ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে।
-এমএমএস