সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় উৎপাদন বন্ধ, অন্ধকারে ৭০ শতাংশ এলাকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় উৎপাদন বন্ধ, অন্ধকারে ৭০ শতাংশ এলাকা

ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অঞ্চলটির ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরাকি ও কুর্দি কর্মকর্তারা।

রোববার রাতে চালানো এই হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের সঙ্গে এ হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

গত বছরও একই গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা হয়েছিল। তবে ওই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ জানিয়েছেন, হামলার কারণে এরবিল, সুলাইমানিয়া, বাজিয়ান, চামচামাল ও দোহুক শহরের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, এ হামলায় জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কমে গেছে।

ওমিদ আহমেদ আরও জানান, হাসপাতাল ও পানি শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জলবিদ্যুৎকেন্দ্র এবং বিকল্প জ্বালানিতে পরিচালিত অন্যান্য বিদ্যুৎকেন্দ্র চালু করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরকবাহী একটি ড্রোন খোর মোর গ্যাস সংরক্ষণাগারে আঘাত হানে। এতে বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে যায়।

ইরাকি নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলার পরিস্থিতি ও এর নেপথ্যের কারণ অনুসন্ধানে কুর্দি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর