আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে আবারও জয় পেয়েছেন ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচকদের অন্যতম ডেমোক্র্যাটিক প্রার্থী মুসলিম নারী ইলহান ওমর।
তিনিও আরেক ডেমোক্র্যাট মুসলিম নারী প্রার্থী ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা তালিবের মতো টানা পঞ্চমবার এমপি নির্বাচিত হলেন।
ইলহান ওমর মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয়লাভ করেছেন। এই জয়ের প্রায় তিন সপ্তাহ আগে তার অভিবাসন সংক্রান্ত নথি তদন্তের অংশ হিসেবে ফেডারেল এজেন্টরা তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল।
ওমর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ করেছেন।
অন্যদিকে, রাশিদা তালিব মিশিগান থেকে পঞ্চম মেয়াদের জন্য জয়ী হয়েছেন। দুই জনই ইসরায়েলে মার্কিন সামরিক সাহায্য বন্ধের দাবি জানিয়ে আসছেন এবং গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আসছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফল গণনা চলমান থাকায় বিভিন্ন আসনের চূড়ান্ত ফল তখনো প্রকাশিত হয়নি।
এখন পর্যন্ত পাওয়া গণনায় ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২০৬টি আসন এবং রিপাবলিকানরা ১১৯টি আসনে জয় লাভ করেছে।
-এমএমএস