Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইন্টারনেটে চুরির কৌশল শিখে একের পর এক বাড়িতে লুট, তরুণী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম

বিত্তশালী জীবনযাপনের স্বপ্ন ছিল ২৫ বছর বয়সী এক তরুণীর। আর সেই স্বপ্ন পূরণে বেছে নেন ব্যতিক্রমী এক পথ। অনলাইনে চুরি করার কৌশল শিখে হায়দরাবাদের একের পর এক বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭০ লাখ টাকার চোরাই মালামাল।

তরুণীর নাম পাগা জয়া। হায়দরাবাদ পুলিশের দাবি, স্বামীর অজান্তেই তিনি চুরির পরিকল্পনা করতেন এবং নিজেই তা বাস্তবায়ন করতেন। চুরির আগে অনলাইনে প্রশিক্ষণ নিতেন। যাতে কেউ শনাক্ত করতে না পারে, সে জন্য বেছে নিয়েছিলেন বিশেষ পোশাক।

পুলিশের তথ্য অনুযায়ী, পাড়গা জয়ার জন্ম ও বেড়ে ওঠা তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার পালভঞ্চে। অভাবের কারণে মাঝপথে বিটেকের পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাকে। ২০২৩ সালে হায়দরাবাদে আসেন তিনি। পরের বছর গোগুলথু শিবকুমার নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে উপ্পালের নিউ ভারত নগর কলোনিতে বসবাস করতেন জয়া।

অভিযোগ উঠেছে, হায়দরাবাদের অন্তত পাঁচটি বাড়িতে চুরি করেছেন তিনি। সাধারণত পরিবারের সদস্যরা বাড়িতে থাকেন না, এমন বাড়িগুলোই ছিল তার লক্ষ্য। চুরির আগে বাড়ির বাসিন্দাদের চলাফেরা এবং কখন বাড়ি ফাঁকা থাকে, তা খেয়াল করতেন। এরপর সুযোগ বুঝে চালাতেন অভিযান।

চুরির প্রস্তুতিও ছিল বেশ পরিকল্পিত। পুলিশের দাবি, কালো বোরকা পরে বাড়িতে ঢুকতেন জয়া। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকত শরীর। হাতে পরতেন কালো দস্তানা। সঙ্গে থাকত একটি নীল ব্যাগ ও তালা কাটার যন্ত্র। চুরি করা মালামাল ওই ব্যাগে ভরে নিয়ে যেতেন তিনি। পুরো কাজটি একাই করতেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই নারীকে বাড়ির দরজার তালা ভাঙার চেষ্টা করতে দেখা যায়। ভিডিওতে তার পরনে ছিল কালো বোরকা, পিঠে নীল ব্যাগ। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

যেভাবে ধরা পড়লেন

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর হায়দরাবাদের নিউ ভারত নগর কলোনির একটি বাড়িতে চুরি করতে যান জয়া। ওই বাড়ির বাসিন্দারা কোমুরাভেল্লির একটি মন্দিরে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজার তালা কেটে ভেতরে ঢোকেন তিনি। এরপর শোবার ঘর ও শিশুদের ঘরের আলমারি তল্লাশি করে স্বর্ণের গয়না, রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

পরদিন ২৭ অক্টোবর বাড়ির গৃহকর্মী গিয়ে ভাঙা তালা দেখতে পান। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা বাড়িতে ফিরে চুরির ঘটনা বুঝতে পারেন। পরে বাড়ির মালিক উপ্পাল থানায় অভিযোগ করেন।

তদন্তে নেমে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে পুলিশ। সেখানে কালো বোরকা পরা ও পিঠে নীল ব্যাগ বহনকারী এক নারীকে কয়েকটি বাড়ির দরজার তালা ভাঙার চেষ্টা করতে দেখা যায়। এরপর ওই নারীর পরিচয় শনাক্তে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

৩১ অক্টোবর সকাল আটটার দিকে এলবি নগর বাসস্ট্যান্ড থেকে জয়া গ্রেফতার হন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেছেন বলে দাবি তদন্তকারীদের।

৭০ লাখ টাকার মালামাল উদ্ধার

উপ্পাল থানার পুলিশের দাবি, জয়ার কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বর্ণ ও রুপার গয়না, নগদ টাকা এবং একটি আইফোন ১৭।

তবে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মালামালের বাইরেও আরও কিছু জিনিস চুরি করেছিলেন জয়া। চুরি করা কিছু নগদ টাকা ও গয়না ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে থাকতে পারেন তিনি।

বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন জয়া। কীভাবে চুরির পরিকল্পনা করতেন, কোন বাড়িগুলোকে লক্ষ্যবস্তু বানাতেন এবং চুরি করা মালামাল কীভাবে ব্যবহার বা বিক্রি করতেন-এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্র: আনন্দবাজার।

এমআর