Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, প্রাণ গেল ৯ আরোহীর

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত হয়ে উড়োজাহাজে থাকা ৯ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনাস্থলটি ক্রেস্টহ্যাভেন আবাসিক এলাকার কাছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপনকেন্দ্র মার-এ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। সেখানে আগুন জ্বলছিল। সড়কজুড়ে ছড়িয়ে ছিল কংক্রিটের টুকরা ও উড়োজাহাজের ধ্বংসাবশেষ। উড়োজাহাজটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইট-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচের দিকে নামছিল।

usa-1

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি একটি গাড়ির ড্যাশক্যামের ধারণ করা বলে ধারণা করা হচ্ছে। এতে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়ক দিয়ে গাড়ি চলাচল করছে। এ সময় একটি উড়োজাহাজ প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে বড় বিস্ফোরণ ঘটে এবং আগুনের গোলা তৈরি হয়।

দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে শিউরে উঠতে হয়। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে আছড়ে পড়ছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’

উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে মাটিতে থাকা কেউ হতাহত হয়েছেন-এমন কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গভর্নর ডিস্যান্টিস।

পরিবহনমন্ত্রী শন ডাফি এ ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, দুর্ঘটনার তদন্তে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে এফএএ। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান তিনি।

usa-2গভর্নর ডিস্যান্টিস ও স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছের একটি ট্রেলার পার্ক এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় স্থানীয় অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানির সরবরাহ লাইন। সড়কটি আবার চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে।

রোববার সকালে মার-এ-লাগোতে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে তিনি সেখান থেকে রওনা হন। সূত্র: বিবিসি।

এমআর