রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

চুক্তিতে আগ্রহী ইরান, ‘ভালোভাবেই এগোচ্ছে’ আলোচনা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম

শেয়ার করুন:

চুক্তিতে আগ্রহী ইরান, ‘ভালোভাবেই এগোচ্ছে’ আলোচনা: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান আলোচনা ভালোভাবেই এগোচ্ছে এবং তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেছেন, চুক্তি করেও পরে তা থেকে সরে যায় তেহরান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার ফ্লোরিডায় একটি হ্যালোইন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

ইরানের ওপর আস্থার সংকটের কথা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা খুব একটা নির্ভরযোগ্য নয়। তারা চুক্তি করে, তারপর আবার সেখান থেকে সরে আসে। তারা চুক্তি করতে চায়। দেখা যাক, শেষ পর্যন্ত তারা চুক্তি করে কি না।’

কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা খুব বেশি তাড়াহুড়োর মধ্যে নেই।’

তিনি আবারো দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দিয়েছে।

ইরানের ‘পিক অ্যাক্স মাউন্টেন’-এ অবস্থিত যুক্তরাষ্ট্রের দাবি করা একটি পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা খুব দ্রুতই এসব করতে পারি।’

ইরানের ওপর নতুন করে সামরিক হামলার নির্দেশ দেবেন কি না, এমন প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট এটিকে ‘বোকামিপূর্ণ’ প্রশ্ন বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘ধরে নিন, আমি এমন নির্দেশ দিলাম। তাহলে কি আপনাদের তা জানাব? আমি তো বলতে পারি না।’ সূত্র: আল জাজিরা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর