Dhaka Mail Logo

আন্তর্জাতিক

জাতিসংঘের বৈশ্বিক জীববৈচিত্র্য সম্মেলনে রিজওয়ান আজমের অনন্য অবদান

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছেন তরুণ সমাজবিজ্ঞানী রিজওয়ান আজম রাইয়ান। 

জাতিসংঘের ১৭তম জীববৈচিত্র্য সম্মেলন (COP17)-এ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত ‘Practical Handbook on Gender-responsive Biodiversity Data’ শীর্ষক আন্তর্জাতিক হ্যান্ডবুক প্রণয়নে অবদান রেখেছেন তিনি।

চলতি বছরের ১৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক জীববৈচিত্র্য সম্মেলন COP17-এর একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা হিসেবে হ্যান্ডবুকটি উন্মোচন করা হয়। 

আন্তর্জাতিক পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণে নারী-পুরুষের সমান অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক তথ্য সংগ্রহ এবং কার্যকর তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে প্রকাশনাটি তৈরি করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ প্রকাশনায় অবদান রাখার পেছনে ছিল তিন মাসব্যাপী একটি আন্তর্জাতিক পিয়ার-টু-পিয়ার (Peer-to-Peer) জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম। 

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান International Institute for Environment and Development (IIED) এবং CBD Women's Caucus যৌথভাবে এ কার্যক্রমের সমন্বয় করে। 

cop17

এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, আদিবাসী জনগোষ্ঠীর নেটওয়ার্ক, নাগরিক সমাজের প্রতিনিধি, নারী অধিকারবিষয়ক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

হ্যান্ডবুকটিতে লিঙ্গ-সংবেদনশীল জীববৈচিত্র্যবিষয়ক তথ্য কীভাবে কার্যকরভাবে সংগ্রহ, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও ব্যবহার করা যায়, সে বিষয়ে বাস্তবভিত্তিক পদ্ধতি ও অভিজ্ঞতালব্ধ উদাহরণ তুলে ধরা হয়েছে। 

একই সঙ্গে তথ্য সংগ্রহ ও ব্যবহারের ক্ষেত্রে নৈতিক মানদণ্ড বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

প্রকাশনাটির মূল লক্ষ্য হলো জীববৈচিত্র্য সংরক্ষণে জাতিসংঘের কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক (KM-GBF) বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক তথ্যভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করা।

রিজওয়ান আজম রাইয়ানের এ আন্তর্জাতিক সম্পৃক্ততা বাংলাদেশের তরুণ গবেষক ও পেশাজীবীদের বৈশ্বিক জ্ঞানচর্চা, গবেষণা এবং পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগে অংশগ্রহণের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। 

রিজওয়ান আজম রাইয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন । আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণদের মেধা, দক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এ অর্জনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রিজওয়ান আজম রাইয়ান নারায়ণগঞ্জের সাবেক এডিসি গাউসুল আজমের ছেলে। মাদক নির্মূল ও শিক্ষার প্রসারে অবদানের জন্য তিনি জেলায় ব্যাপক জনপ্রিয়তা পান।  

-এমএমএস