আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার’ অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারে নেমে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ওহাইও ও মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন ওবামা। এ সময় তিনি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং ট্রাম্পের বিভিন্ন নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেন। খবর বার্তা সংস্থা এএফপির।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষই বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে। মধ্যবর্তী নির্বাচনে দুটি কক্ষের একটির বা উভয়ের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে ডেমোক্র্যাটরা। এ লক্ষ্য সামনে রেখে দলের প্রার্থীদের পক্ষে জনসমর্থন বাড়াতে ওবামার জনপ্রিয়তাকে কাজে লাগানোর চেষ্টা করছে দলটি।
ওহাইওতে সাবেক ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউনের সমর্থনে আয়োজিত সমাবেশে ওবামা বলেন, ‘বর্তমান প্রেসিডেন্ট একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’
ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন, যা কেউই চাননি।’
ওহাইওর ক্লিভল্যান্ডে আরেক সমাবেশে ট্রাম্প প্রশাসনের দুই বছরের কর্মকাণ্ডের সমালোচনা করে ওবামা বলেন, ‘আধুনিক যুগে আগে কখনো দেখা যায়নি—এমন বিশৃঙ্খলা, নিষ্ঠুরতা, দুর্নীতি ও অযোগ্যতার দুই বছর পর এখন আপনাদের সামনে বলার সুযোগ এসেছে, ‘অনেক হয়েছে, আর নয়।’
আরও পড়ুন
কোরআনের আয়াত উদ্ধৃত করে মুসলিমদের পাশে বিল ক্লিনটন
প্যারিস খুব শিগগির মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প
তিনি আরও বলেন, ‘এখানে, ওহাইওতে আমরা পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছি।’
পরে মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের পক্ষে প্রচারে অংশ নেন ওবামা। যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
মিশিগানের বর্তমান ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিনের প্রসঙ্গ টেনে ওবামা বলেন, ‘আবদুল ও এলিসার জুটি কতটা শক্তিশালী হতে পারে, একবার ভাবুন।’
তিনি বলেন, ‘আপনাদের জন্য যুক্তরাষ্ট্রের সিনেটে একজন মুসলিম পুরুষ ও একজন ইহুদি নারী লড়ছেন। মিশিগান, এটি এমন একটি বিষয়, যা নিয়ে আপনারা গর্ব করতে পারেন।’
দুই অঙ্গরাজ্যেই আগাম ভোট শুরু হওয়ায় ভোটারদের দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানান ওবামা। তিনি বলেন, ‘ভোট দিতে দেরি করবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগবেন না।’
এদিকে ওয়াশিংটনে ট্রাম্পের বিভিন্ন সংস্কার ও নির্মাণকাজ নিয়েও কটাক্ষ করেন সাবেক এই প্রেসিডেন্ট। ন্যাশনাল মলের রিফ্লেক্টিং পুলের সংস্কারকাজ, হোয়াইট হাউসে বিশাল বলরুম নির্মাণ এবং ওভাল অফিসে সোনালি রঙের জাঁকজমকপূর্ণ সাজসজ্জা যুক্ত করার উদ্যোগ নিয়ে ব্যঙ্গ করেন তিনি।
জাতীয় পর্যায়ের জনমত জরিপগুলোতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে আভাস দিচ্ছে জরিপগুলো।
জেবি