আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে বিশ্ববাণিজ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও বিপজ্জনক হয়ে উঠেছে। বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলা এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার আইআরজিসির হুমকিতে নতুন করে সংঘাত আবারো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ আলেক্সান্দ্রু ক্রিস্টিয়ান হুদিস্তেনুর মতে, হরমুজ প্রণালি বর্তমানে বিপদের প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। উভয় পক্ষের কঠোর বক্তব্য পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি যেসব বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, সেগুলো অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রম করছিল বলে তারা দাবি করেছে। এ ধরনের জাহাজ চলাচল অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা সম্প্রসারণের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
হুদিস্তেনুর ভাষ্য অনুযায়ী, ইরানের এই হুমকি শুধু মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। অঞ্চলটিতে মার্কিন কোম্পানিগুলোর স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রও নিজস্ব কৌশলগত বার্তা দিয়ে ইরানকে সতর্ক করছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ।
আলেক্সান্দ্রু ক্রিস্টিয়ান হুদিস্তেনু বলেন, এই মুহূর্তে হরমুজ প্রণালি আসলে যতটা বিপজ্জনক হতে পারে, আমরা সেই বিরূপ পরিস্থিতির প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছি।
তার মতে, দুই পক্ষের বক্তব্য উত্তেজনা প্রশমনে সহায়ক হচ্ছে না।
কূটনৈতিক আলোচনার অগ্রগতিও কঠিন হয়ে পড়ছে মন্তব্য করে হুদিস্তেনু বলেন, আলোচনাগুলো অত্যন্ত জটিল ও এগিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ, এই মুহূর্তে মূলত কোনো বিষয়েই দুই পক্ষ একমত হতে পারছে না কিংবা কোনো শর্তে ছাড় দিতে পারছে না।
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা বাড়ায় বাণিজ্যিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়েও চরম উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা সতর্কতায়ও হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে ইরানের হামলার ঝুঁকি উচ্চ বলে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
এফএ