লোহিত সাগরে ১৪ ভারতীয় নাগরিককে বহনকারী একটি ছোট নৌযানে সৌদি আরব হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। পরে ক্ষতিগ্রস্ত নৌযানটির সব আরোহীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানান হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
তিনি বলেন, ‘সৌদি শত্রু লোহিত সাগরের জুকার দ্বীপের কাছে একটি ভারতীয় নৌযানকে লক্ষ্যবস্তু করছে, যেটিতে ১৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন। পরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুথি) ভারতীয়দের উদ্ধার করেছে। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।’
সারি আরও বলেছেন, ‘সৌদি শত্রুর এই বেপরোয়া হামলা লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচলকে হুমকির মুখে ফেলেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সৌদি শত্রুকে এই বেপরোয়া কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হবে।’
এদিকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। ভারত সরকারের পক্ষ থেকেও এই ঘটনার বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে।
বৃহস্পতিবারও সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান সমার্থিত হুথিরা। এতে দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, রয়টার্স
এমএইচআর




