Dhaka Mail Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে ইরাকি মিডিয়া নেটওয়ার্ক আল-আখবারিয়াহ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেন

আরাঘচি বলেন, ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধের মূল কারণ হলো, ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের ইসলামী শাসনব্যবস্থার বিরোধিতা এবং মার্কিন আধিপত্য মেনে নিতে অস্বীকৃতি জানানো। সুতরাং, তাদের পারমানবিক ইস্যুটি একটি অজুহাত ছাড়া আর কিছুই নয়।’ 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কয়েকটি পর্যায়ের পরও তেহরান সংঘাতের মুখে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মনে রাখবেন যে আমরা মার্কিন পক্ষের সঙ্গে তিন দফা আলোচনায় বসেছিলাম এবং পূর্ববর্তী তিনটি দফাই শেষ পর্যন্ত আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। ফলে তাদের ওপর কোনো আস্থা নেই।’

araghchi

সাক্ষাতকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে ইরান সাত দিনের একটি প্রস্তাব দিয়েছে। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে আগের সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

আরাঘচি আরও দাবি করেন, ওয়াশিংটন শর্তগুলোতে সম্মতি জানিয়েছে, কিন্তু এর সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করতে চাইছে।

তিনি বলেন, এ বিষয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। অন্য বিষয়ে আলোচনায় যাওয়ার আগে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্রকে নিজেদের সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

সূত্র: মেহের নিউজ

এমএইচআর