আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম
হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লাগার পর দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ শাসনব্যবস্থার অপতৎপরতা অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরও বেশি মূল্য দিতে হবে।’
তবে, আগুনে জ্বলতে থাকা ট্যাংকার দুটির নাম, সেগুলোর মালিকানা, হতাহতের সংখ্যা এবং ঘটনার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি ইরানের বাহিনীটি।
এরআগে গত ১৪ অক্টোবর পৃথক ঘটনায় দুটি জাহাজ ডুবে যাওয়ার তথ্য জানায় আইআরজিসি। এর মধ্যে একটি কনটেইনারবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে ডুবে গেছে। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে আড়াই হাজারের বেশি কনটেইনার ছিল বলে জানিয়েছে ইরানি বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডুবে যাওয়া সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ ২ হাজার ৮২৪ কন্টেইনার ধারণক্ষমতার একটি ছোট জাহাজ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অন্য জাহাজটি এই অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইওএম) জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর হরমুজে হামলার শিকার হয়ে অচল হয়ে পড়েছিল ক্যারিবিয়ান অঞ্চলের দেশ অ্যান্টিগা ও বারবুদার পতাকাবাহী জাহাজটি।
এদিকে হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি।
ফার্স নিউজ জানিয়েছে, মঙ্গলবার ভোরে কৌশলগত জলপথের ওপর দিয়ে ওড়ার সময় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এটি ছিল আইআরজিসির ধ্বংস করা ৫৪তম মার্কিন এমকিউ-৯ ড্রোন।
সূত্র: আলজাজিরা, আনাদোলু
এমএইচআর